রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে এক প্রকার নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অনেক দিন আঠার মতো লেগে থাকার পর, একরকম সম্ভাবনা জেগেছিল ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি ‘ওয়ান্ডার কিড’ এমবাপ্পে। কিন্তু সব আশায় গুড়ে বালি। রিয়ালে যোগ দেয়ার ঠিক আগ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পাল্টে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে সই করার ঘোষণা দেন। ফরাসি লিগ চ্যাম্পিয়নদের হয়ে ২০২৫ সাল পর্যন্ত তিনি খেলে যাবেন বলে আকর্ষণীয় এক চুক্তিতে সই করেছেন। এই চুক্তির আর্থিক মূল্য ৭৫ কোটি ইউরোর মতো! প্রতি মৌসুমে তিনি বেতনই পাবেন ১৫ কোটি ইউরো করে।

শেষ মুহূর্তে এমবাপ্পেকে সই করাতে না পারাকে রিয়াল মাদ্রিদের জন্য বড় হতাশার কারণ বলে মনে করেন পিএসজি কোচ মাউরিচিও পচেত্তিনো। তিনি স্বীকার করেন, এমবাপ্পে রিয়ালকে ‘না’ বলে দিয়েছেন এবং পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে সই করার কথাটি তিনি ঘটনার আধা ঘণ্টা আগেও জানতেন না। এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু ও রিয়ালের সাবেক ডিফেন্ডার আশরাফ হাকিমি ছাড়া কেউ তা জানতেন না।

স্প্যানিশ রেডিও শো এল পার্টিদাজো দে কোপেকে পচেত্তিনো বলেন, এমবাপ্পের সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে সে এখনো সিদ্ধান্ত নেয়নি এবং এটি শেষ মুহূর্ত পর্যন্ত চলবে।

পিএসজি কোচ বলেন, পুরো পিএসজি ড্রেসিং রুম আধা ঘণ্টা আগে এমবাপ্পের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছিল। শুধু আশরাফ হাকিমি এটি আগে থেকেই জানত। আনুষ্ঠানিকভাবে আমি আধা ঘণ্টা আগে এমবাপ্পের চুক্তি নবায়নের বিষয়ে জানতে পেরেছিলাম। এমনকি তার কাছাকাছি থাকা সত্ত্বেও আমরা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানতাম না। আমাকে জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট (নাসের আল খেলাইফি)।

আর এটাই রিয়ালের জন্য হতাশার বলে মনে করেন পিএসজি বস, অবশ্যই, এমবাপ্পের সই না করাটা রিয়াল মাদ্রিদের জন্য হতাশার। আমি আমার মতামত দিতে যাচ্ছি না। সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত। ক্লাব, জনগণ, ফ্রেঞ্চ লিগের জন্য এটি এমন কিছু যা (প্রত্যেকের) উপকারে আসবে।

পিএসজিতে এমবাপ্পের চুক্তি নবায়নের কিছু শর্তের কথা উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমে। সেখানে একটি শর্ত ছিল, কোচ পচেত্তিনোকে বরখাস্ত করা। চুক্তি অনুযায়ী আরো এক মৌসুম ফরাসি ক্লাবটিতে থাকার কথা পচেত্তিনোর। কিন্তু গুঞ্জন আছে, তাকে বিদায় দিতে পারে পিএসজি। এ বিষয়ে পচেত্তিনো বলেছেন, আমি বলব, আমি শতভাগ থাকতে চাই এখানে। আমার চুক্তি শেষ হতে আরো এক বছর বাকি আছে। আমি অবশ্যই দায়িত্ব চালিয়ে যেতে চাই।মার্কা