গত বৃহস্পতিবার বড় অঘটনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২১-২২ মৌসুমের খেলা। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম দিনই গত দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। আজ পর্যন্ত লিগে প্রথম রাউন্ডের ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুরু হবে দ্বিতীয় রাউন্ড। মুন্সীগঞ্জের শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ৩টায় দিনের একমাত্র ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়বে উত্তর বারিধারা।

এবারের লিগে সর্বমোট ২৪ রাউন্ড খেলা হবে। শেষ দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এবারো তারা শিরোপাপ্রত্যাশী। সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। তিনবার শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ রাসেল ক্রীড়া চক্র জিতেছিল একবার। ২০১৯-২০ মৌসুম কভিডের কারণে স্থগিত হয়।

১২টি দল নিয়ে চলছে এবারের পেশাদার ফুটবল লিগের ১৪তম আসর। যদিও এবার লিগ শুরুর আগেই পদে পদে বিশৃঙ্খলা আর অনিয়ম। শুরুতে বলা হলো খেলা হবে সাত ভেনুতে, পরে তা নেমে আসে চারে। এরপর তিনে এবং সবশেষে তা নেমে দাঁড়িয়েছে দুইয়ে! মাঠ দুটি হলো মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম ও টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম।

এখানেই শেষ নয়, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামকে বিপিএলের ভেন্যু করায় আপত্তি তুলেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। কারণ এই স্টেডিয়াম তাদের স্থায়ী ভেনু। যেখানে সারা বছর আরচাররা অনুশীলনে মগ্ন থাকেন। এখানে ফুটবল খেলা হলে জাতীয় দলের আরচারদের অনুশীলন বাধাগ্রস্ত হবে। এ নিয়ে বিপিএল শুরুর আগের দিন (বুধবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে অভিযোগের কথা জানিয়েছে আরচারি ফেডারেশন।