ব্রাজিলের প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের নাম আনুষ্ঠানিকভাবে পর্তুগিজ ভাষার
ডিকশনারিতে জায়গা পেল। এখন থেকে ‘ব্যতিক্রমী, অতুলনীয়, অনন্য’ শব্দগুলোর সমার্থক
হিসেবে পেলে শব্দটিও ব্যবহার করা যাবে।
ব্রাজিলে পর্তুগিজ ভাষার জনপ্রিয় ‘মিকায়েলিস’ ডিকশনারি তাদের অনলাইন ভার্সনে বিশেষণ
শব্দ হিসেবে পেলেকে অন্তর্ভুক্ত করেছে।
এটি অবশ্য এমনিতেই হয়ে যায়নি। ফুটবল সুপারস্টারকে সম্মান জানাতে পেলে
ফাউন্ডেশন প্রায় ১ লাখ ২৫ হাজার সমর্থকের সই সংগ্রহ করে বিশেষ প্রচারণা চালায়।
এরপর পেলের নামটি স্থান পায় মিকায়েলিস ডিকশনারিতে।
গত বছর ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান পেলে। একমাত্র ফুটবলার হিসেবে তিন
তিনটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েন পেলে। তাকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে
বিবেচনা করা হয়। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি ব্রাজিলের স্যান্টোস, নিউইয়র্ক
কসমস ও ব্রাজিল জাতীয় দলের হয়ে রেকর্ড ১ হাজার ২৮১ গোল করেন।
কোলন ক্যান্সারের কাছে হার মেনে পেলে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার সাবেক
ক্লাব স্যান্টোস, ক্রীড়া টিভি চ্যানেল স্পোরটিভি ও পেলে ফাউন্ডেশন পেলের নামটি
ডিকশনারিতে অন্তর্ভুক্ত করার জোর প্রচেষ্টা চালায়।
বুধবার মিকায়েলিস ডিকশনারি এক ঘোষণায় জানায়, শব্দটি পর্তুগিজ ভাষার ডিকশনারিতে
দ্রুতই অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং প্রিন্ট ভার্সনে এর পরবর্তী সংখ্যায় স্থান পাবে
পেলে।
এন্ট্রিতে বলা হয়: ‘পে.লে এডজেকটিভ। যে কিংবা যারা সাধারণের উর্ধ্বে, কিংবা যাদের
দক্ষতা, গুণ ও শ্রেষ্ঠত্বের সঙ্গে অন্যদের তুলনা হয় না, ঠিক যেমন পেলে, যেটি এডসন
এরান্তেস দো নাসিমেন্তোর (১৯৪০-২০২২) ডাকনাম, তাকে ধরা হয় সর্বকালের সেরা অ্যাথলেট;
ব্যতিক্রমী, অতুলনীয় ও অনন্য।’
দাতব্য সংগঠন পেলে ফাউন্ডেশন পেলের নাম ডিকশনারিতে অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বাস
প্রকাশ করে বলেছেন, এটি রাজার জন্য মানানসই শ্রদ্ধাঞ্জলী।










