শত শত পেশাদার ম্যাচ কর্মকর্তার বেটিং অ্যাকাউন্ট থাকার প্রমাণ পাওয়ায় ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

জুয়াসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে অপরাধের তীব্রতা বিবেচনায় রেফারিদের ৮ থেকে ১২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আরো তিনজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। সোমবার জানা যায়, পাঁচ বছর ধরে চলা এক তদন্তে দেখা গেছে, দেশের মোট ৫৭১ জন ম্যাচ কর্মকর্তার মধ্যে ৩৭১ জনেরই বেটিং অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়ায় অংশ নিতেন। তদন্তে আরো দেখা যায়, কেউ কেউ মাত্র একবার বাজি ধরলেও ৪২ জন কর্মকর্তা এক হাজারেরও বেশি ফুটবল ম্যাচে বাজি ধরেছেন। এমনকি একজন কর্মকর্তা ১৮ হাজার ২২৭টি বাজি ধরেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে।

টিএফএফের শৃঙ্খলাবিধির পাশাপাশি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও কোচদের মতোই ম্যাচ কর্মকর্তাদেরও যেকোনো ধরনের বাজি কার্যক্রমে অংশ নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ঘটনায় টিএফএফ সভাপতি ইব্রাহিম হাসিওসমানোগলু শুক্রবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তুরস্কের ফুটবলে একটি নৈতিক সংকট চলছে। এখানের কাঠামোতে এমন কিছু নেই। তুরস্কের ফুটবলের মূল সমস্যাটি হলো নৈতিক। আপনি জিজ্ঞেস করে দেখুন, কোনো রেফারি যদি বলতে পারে যে পারিশ্রমিক পায়নি, তাহলে আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করব। বরং গত বছর আমরা তাদের বেতন বাড়িয়েছি, এ বছরও।’