বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সিরিজের প্রথম টি২০ ম্যাচে ছয় উইকেটে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অতিথিদের তোলা ১৫৬ রান ছয় উইকেটে ও ১২ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা।

 

পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫১ রান ও ১০ ওভারশেষে এক উইকেটে ৮০ রান তুলে নিয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। যদিও স্বাগতিক বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়িয়ে অতিথি দলকে ১৬০ রানের আগেই আটকে দেন। এরপর নাজমুল হোসেন শান্ত, অভিষিক্ত তৌহিদ হৃদয়, দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা রনি তালুকদার ও শেষ দিকে সাকিব আল হাসান ও আফিফ হোসেনের দৃঢ়তায় জয় নিয়ে ঘরে ফেরে স্বাগতিকরা।

 

শান্ত ৩১ বলে ৫১, সাকিব ২৪ বলে ৩৪*, হৃদয় ১৭ বলে ২৪, রনি ১৪ বলে ২১ ও আফিফ ১৩ বলে ১৫* রান করেন।

 

এই প্রথম টি২০তে ইংল্যান্ডকে হারানোর কৃতিত্ব দেখাল বাংলাদেশ। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটে লড়াইয়ের ইতিহাসও খুব পুরনো নয়। এটা দুই দলের মাত্র দ্বিতীয় লড়াই। ২০২১ সালে আবুধাবিতে টি২০ বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংলিশরা। হেড-টু-হেড এখন ১-১। এবার সিরিজ জয়ের স্বপ্নও দেখতে পারেন সাকিবরা। ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজের হারানোর গৌরব রয়েছে বাংলাদেশের।   

 

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১-এ হারিয়েছে জস বাটলারের দল। যদিও চট্টগ্রামে শেষ ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। ওয়ানডের সেই আত্মবিশ্বাস এবার টি২০ সিরিজে টেনে আনলেন সাকিবরা।

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের পক্ষে ৪২ বলে চারটি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৬৭ রান করেন বাটলার। এছাড়া ফিল সল্ট ৩৫ বলে ৩৮ ও বেন ডাকেট ১৩ বলে ২০ রান করেন। হাসান মাহমুদ ২৬ রানে দুটি উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রত্যেকেই নেন একটি করে উইকেট।

 

এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটেছে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটার তৌহিদ হৃদয়ের।