রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের লাখ লাখ মানুষ বাস্তুচ্যূত এবং মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এসব মানুষের জন্য কিছু করার তাগিদ থেকে চ্যারিটি ম্যাচ খেললেন টেনিস তারকারা। বৃহস্পতিবার নিউইয়র্কে এই চ্যারিটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে টেনিসের কিংবদন্তি জন ম্যাকেনরো ছাড়াও পুরুষদের টেনিসে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্পেনের রাফায়েল নাদাল, নারী টেনিসের সুপারস্টার পোল্যান্ডের ইগা সিয়ানতেক আর উঠতি আমেরিকান তারকা কোকো গাফ অংশ নেন।
এই ম্যাচ নিয়ে সিয়ানতেক এক টুইট বার্তায় লিখেছেন, ‘ইউক্রেনের জন্য আমরা আবার খেললাম।
পোল্যান্ডে চ্যারিটি ম্যাচ খেলে ৫ লাখ ইউরোর বেশি সংগ্রহের পর এবার নিউইয়র্কেও
খেললাম। কোর্টে রাফায়েল নাদাল, কোকো গাফ ও ম্যাকেনরোর সঙ্গে খেলাটা ছিল দারুণ আনন্দের। ইউক্রেনের জন্য
টেনিস।’
২১ বছর বয়সী সিয়ানতেক ২০২০ ও ২০২২ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন। ১৮
বছর বয়সী কোকো এ বছর ফ্রেঞ্চ ওপেন ফাইনালে তার কাছে হেরেছেন। রানার্সআপ ট্রফিই তার
সর্বোচ্চ অর্জন। ৬৩ বছর বয়সী ম্যাকেনরো সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।










