কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ব্রাজিল-ফ্রান্স খেলবে বলে ধারণা করেছিলেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার রোনালদো নাজারিও। তবে টুর্নামেন্ট থেকে তার দেশ ছিটকে পড়ায় আর্জেন্টিনা নয় ফ্রান্সকেই ফেভারিট দেখছেন দুইবারের বিশ্বকাপ জয়ী সাবেক এ ফুটবলার।
কাতারের রাজধানী দোহায় এক গোলটেবিল বৈঠকে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। খবর এনডিটিভি।
বৈঠকে রোনালদো বলেন, ‘কাতার বিশ্বকাপে ব্রাজিল আর নেই। কিন্তু ফ্রান্স ম্যাচের পর ম্যাচ জিতে তাদের স্ট্যাটাস বজায় রেখেছে। এ টুর্নামেন্ট আমি এখনও তাদের বড় ফেভারিট হিসেবে দেখছি।’
২০০২ সালে ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লাভ করে ব্রাজিল। ওই ম্যাচে দুটি গোলই করেন রোনালদো। তিনি বলেন, ‘আমি সত্যিই চাই (মরক্কো জিতুক)। কিন্তু আমার মনে হয় না তারা জিতবে। ফ্রান্স খুব শক্তশালী দল। তাদের রক্ষণ, আক্রমণ বা মাঝ মাঠে খুবই দক্ষ খেলোয়াড় রয়েছে।’
এ দিকে দুইবার ব্যালন ডি'অর বিজয়ী সাবেক এ তারকা ২৩ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের প্রতিও মুগ্ধ হয়েছেন। কাতারে টুর্নামেন্টে পাঁচ গোল করে এখনও শীর্ষে রয়েছেন এমবাপ্পে।
ফ্রান্সের এ তরুণ খেলোয়াড় অনেক রেকর্ড ভেঙে দেবেন এমন আশা প্রকাশ করে রোনালদো বলেন, ‘তার কাছে সময় আছে। দক্ষতা আছে। সবকিছু জয় করার প্রতিভা তার আছে।’










