কাতারের সবচেয়ে বড় ব্যাংকের চেয়ারম্যান শেখ জসিম বিন হামাদ আল থানি নিশ্চিত করেছেন, তার ফাউন্ডেশন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনার রেসে রয়েছে, যার মূল্য আনুমানিক ৭০০ কোটি ডলার। এছাড়া ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফের মালিকানাধীন ইনেওসের পক্ষ থেকেও আগ্রহপত্র জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত আগ্রহপত্র জমাদানের শেষ সময় ছিল।

ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তি ও ম্যানইউর দীর্ঘদিনের সমর্থক স্যার জিম র‍্যাটক্লিফ আগেই ম্যানইউ কেনার আগ্রহের কথা জানিয়েছেন। এবার আনুষ্ঠানিকভাবে তিনি প্রার্থিতার ঘোষণা দিলেন। এর আগে চেলসি কিনতে চেয়েও পারেননি র‍্যাটক্লিফ। তাদের হারিয়ে চেলসির মালিকানা পেয়েছে আমেরিকান ব্যবসায়ী টড বোহেলির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। এবার ম্যানইউ কেনার চেষ্টা করবেন তিনি।

আমেরিকান ধনকুবের ইলোন মাস্কের নামও উঠেছিল। যদিও তিনি ম্যানইউ কেনার রেসে নেই বলে জানিয়েছেন। টেসলার এ কর্ণধার বলেছেন, গত বছর টুইটারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কেনা নিয়ে তিনি যা বলেছিলেন সেটা ছিল স্রেফ মজা।

২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবটি কিনে নেয় আমেরিকান গ্লেজার পরিবার। লিভারপুলের পর ইংল্যান্ডে দ্বিতীয় সফলতম দল রেড ডেভিলরা। ক্লাবটির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৭০০ কোটি ডলার (প্রায় ৭৫ হাজার কোটি টাকা)। গ্লেজার পরিবার এখন ক্লাবটির আংশিক কিংবা পুরো মালিকানা ছেড়ে দিতে চায়।

শেখ জসিমের কাতারি কনসোর্টিয়াম বলেছে: ‘‌আমাদের প্রস্তাবিত প্রকল্পের পরিকল্পনা হলো, ক্লাবটির আগের গৌরব ফিরিয়ে আনা। শেখ জসিমের ফাউন্ডেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে ঋণমুক্ত প্রকল্প এটি, যা ফুটবল দল, ট্রেনিং সেন্টার, স্টেডিয়াম, বিস্তৃত অবকাঠামো, ফ্যানজোনে বিনিয়োগ করবে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের ফুটবলীয় শ্রেষ্ঠত্বের কারণেই আমাদের এ আগ্রহ।’

ম্যানইউর একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত শেখ জসিম কাতারি ব্যাংক কিউআইবির চেয়ারম্যান এবং তিনি কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। ক্লাবটি কিনতে কত টাকার প্রস্তাব করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি শেখ জসিমের কনসোর্টিয়াম। 

ইনেওস এখনো কোনো বিবৃতি দেয়নি। তবে বলা হচ্ছে, একজন ব্রিটিশ হিসেবে ম্যানইউ কেনার রেসে এগিয়ে থাকতে পারেন ৭০ বছর বয়সী র‍্যাটক্লিফ। ইনেওসের লক্ষ্য, ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যানচেস্টারে জন্মগ্রহণ করা র‍্যাটক্লিকের হেফাজতে নেয়া। 

তবে খেলাধুলায় পরিচিত নাম র‍্যাটক্লিফ। ফ্রেঞ্চ লিগ ওয়ান ক্লাব নিস ও সুইস ক্লাব লুসানের মালিক তিনি। সেইলিংয়ে তাদের দলের নাম ইনেওস ব্রিটানিয়া, যার নেতৃত্বে রয়েছেন স্যার বেন আইনস্লে। ফর্মুলা ওয়ানের দল মার্সিডিজের সঙ্গে পাঁচ বছরের পার্টনারশিপ রয়েছে তাদের, ২০১৯ সালে তারা দায়িত্ব নেয় ব্রিটেন ভিত্তিক সেইলিং দল স্কাইয়ের। কিন্তু তার দীর্ঘদিনের লক্ষ্য, নিজ দেশের নামি কোনো ক্লাবের মালিক হওয়া। চেলসির মালিকানা পেতে প্রাণান্ত চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এবার আরেক ব্রিটিশ জায়ান্ট ম্যানইউর মালিক হতে চান তিনি। বিবিসি, এপি ও টেলিগ্রাফ।