ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান এশিয়া কাপ হকিতে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের আশা আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। জিমি-শিতুলদের সামনে এখন সুযোগ আছে পঞ্চম হয়ে আসর শেষ করার। এজন্য বাংলাদেশকে জিততে হবে আরো দুটি ম্যাচ।
আজ বাংলাদেশ সময় বেলা ১টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। যদি হেরে যায় তাহলে সপ্তম স্থানের জন্য ওমানের বিপক্ষে লড়বে তারা। আর জিতলে পঞ্চম হওয়ার জন্য পাকিস্তানের বিপক্ষে লড়বে লাল-সবুজ দল।
এর আগে গ্রুপ পর্বে পুল-বি তে থাকা বাংলাদেশ শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে ও দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে। ওমানের বিপক্ষে ১-২ গোলে জিতলেও বড় দুই হারে শেষ হয়ে যায় সেমিফাইনালের আশা। বি গ্রপ থেকে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া অনায়াসে চলে যায় সেমিফাইনালে। তাদের সঙ্গে পুল-এ থেকে জাপান ও ভারতও ওঠে সেমিতে।










