কাতার ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ মাঠে নামছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের
মতো বড় দল। সন্ধ্যা ৭টায় ইংলিশরা খেলবে ইরানের বিপক্ষে। রাত ১০টা আফ্রিকান দল
সেনেগাল খেলবে ইউরোপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডসের বিপক্ষে। রাত ১টায়
দিনের শেষ ম্যাচে ওয়েলসের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
গত আসরের সেমিফাইনালিস্ট ইংল্যান্ড এবার বড় আশা নিয়েই কাতার গিয়েছে।
দলটির কোচ গ্যারেথ সাউথগেট
‘অসাধারণ যাত্রা’র স্বপ্ন দেখছেন এবং জাতিকে ‘সত্যিকারের সুখ’ উপহার দিতে চান।
থ্রি লায়ন্সদের কোচ বলেন, সমর্থকদের জন্য স্মরণীয় একটি টুর্নামেন্ট উপহার দেয়াই আমাদের
চ্যালেঞ্জ। আমাদের দেশ এখন কঠিন সময় পার করছে, অর্থনৈতিক মন্দাভাব চলছে এবং অনেক মানুষের জীবনে সংকট বিরাজমান। আমরা
তাদের জন্যই সত্যিকারের সুখ উপহার দিতে চাই।
ইংল্যান্ড তারকাসমৃদ্ধ শক্তিশালী দল হলেও ইরান তাদের ছেড়ে কথা বলবে না।
গত বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে ড্র করার কৃতিত্ব দেখায় এশিয়ান জায়ান্টরা। কার্লোস
কুইরোজের স্কোয়াডটি এবার সুসংগঠিত। এই দলের অন্যতম ভরসা পোর্তো স্ট্রাইকার মেহদি
তারেমি ও লেভারকুসেন স্ট্রাইকার সরদার আজমুন।
এবার বেশ দাপটের সঙ্গেই বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে এসেছে ইরান। ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কাতারের টিকিট পেয়েছে। ১০ ম্যাচের মধ্যে
৮টিই জিতেছে তারা। বাছাইপর্বের সেই ফর্ম বিশ্বকাপেও টেনে আনতে পারলে ইংল্যান্ডের
কাজটি কঠিন হতে পারে।
রাতে সাদিও মানেবিহীন সেনেগাল লড়বে ইউরোপের পরাশক্তি নেদারল্যান্ডসের
সঙ্গে। শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন সেনেগালের কৃতী
স্ট্রাইকার মানে।
এরপর গ্যারেথ বেলদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ৬৪ বছর পর বিশ্বকাপে ফেরা
ওয়েলসের প্রত্যাবর্তন স্মরণীয় রাখতে চান বেল ও তার সতীর্থরা।










