হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় চলতি আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ কথা জানিয়েছে। ফলে ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবকে পাবে না বাংলাদেশ।
আজ বিসিবির এক বিবৃতিতে বলা হয়, হ্যামস্ট্রিং চোটের কারণে আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবির চিকিত্সক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফিল্ডিং করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে নিচ দিকে চোট পান সাকিব। পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা দেখতে পাচ্ছি, তার চোটটা গ্রেড-ওয়ান পর্যায়ের। তাই পরের দুটি ম্যাচ থেকে তিনি ছিটকে পড়েছেন।
বিসিবি জানিয়েছে, বাকি দুটি ম্যাচের জন্য সাকিবের বদলে কাউকে নেবে না।
তিনটি ম্যাচ হেরে সুপার টুয়েলভ রাউন্ডে বাংলাদেশ ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে আসরটি স্মরণীয় করে রেখেছেন সাকিব। চলতি আসরে ৬ ম্যাচে তিনি নিয়েছেন ১১ উইকেট। এর মধ্য দিয়ে পাকিস্তানের শহিদ আফ্রিদিকে (৩৯ উইকেট) টপকে তিনিই এখন টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ ৪১ উইকেটের মালিক, একইসঙ্গে শ্রীলংকার লাসিথ মালিঙ্গাকে (১০৭) টপকে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটেও তিনি সর্বোচ্চ ১১৭ উইকেটের মালিক হয়েছেন এই আসরেই। সুপার টুয়েলভে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ খেলতে সমর্থ হলে রেকর্ড দুটো আরেকটু সমৃদ্ধ করতে পারতেন ৩৪ বছর বয়সী সাকিব।
এদিকে,
উইকেটকিপার নুরুল হাসান সোহানেরও পরের ম্যাচে খেলা অনিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
সর্বশেষ ম্যাচে খেলেননি সোহান, ওই ম্যাচে তার জায়গায় উইকেটকিপিং করেন লিটন দাস, তার
জায়গায় দলে সুযোগ পান সৌম্য সরকার। শনিবার বোর্ডের বিবৃতিতে বলা হয়, নুরুল হাসান সোহান
আগামী তিনদিন (৩১ অক্টোবর পর্যন্ত) বিশ্রামে থাকবেন এবং ১ নভেম্বর তার স্বাস্থ্য পরীক্ষা
করা হবে।










