ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টানা ছয় ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পেল সিটি ক্লাব। সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে সিটি। টস জিতে আগে ব্যাটিং করে ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক সাজ্জাদুল হক। এছাড়া রাকিন আহমেদ ৩৫, আলাউদ্দিন বাবু ২৪ ও নাইম হাসান ২৩ রান করেন। সিটির বোলারদের মধ্যে রাজিবুল ইসলাম ৩টি, আমিনুর রহমান ও শাহরিয়ার আলম ২টি করে উইকেট নেন।

 জবাবে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সিটি ক্লাব। দলের জয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেটরক্ষক শাহরিয়ার কমল। জাকিরুল আহমেদের ব্যাট থেকে আসে ৪৬ রান এবং আশিক-উল আলম নইম করেন ৪৪ রান। ২২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জাওয়াদা রোয়েন। শাইনপুকুরের বোলারদের মধ্যে অফস্পিনার তাসামুল হক ৩টি উইকেট নেন। 

এই জয়ে ৭ ম্যাচে ছয়টি হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান সিটি ক্লাবের। ৮ ম্যাচে ৩ জয় ও পাঁচ হারে ৬ পয়েন্টে সাত নম্বরে শাইনপুকুর।