অ্যাডিলেডে আজ শুক্রবার শুরু হলো গোলাপী বলের ডে-নাইট টেস্ট। এই টেস্টে প্রথম সেশনে ভারতের ৪ উইকেট নিয়ে এগিয়ে থাকল অস্ট্রেলিয়া। ২৩ ওভারে ৪ উইকেটে ৮২ রান তুলে প্রথম দিনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে রোহিত শর্মার দল। ঋষভ পন্ত ৪ ও রোহিত ১ রানে অপরাজিত রয়েছেন।

পার্থ টেস্ট জিতে ১-০তে এগিয়ে থেকে অ্যাডিলেডে মাঠে নেমেছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ফিরেছেন এই টেস্টে। তবে তিনি ৬ নম্বরে ব্যাট করতে নেমেছেন। ওপেন করেন লোকেশ রাহুল ও জশস্বী জয়সোয়াল। ইনিংসের প্রথম বলেই জয়সোয়ালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন গতিদানব মিচেল স্টার্ক। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও শুভমন গিল ৬৯ রান যোগ করেন। তখন আবারো স্টার্কের আঘাত। ৬৪ বলে ৩৭ রান করে স্টার্কের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন লোকেশ। বিরাট কোহলি হতাশ করেছেন। ৮ বলে ৭ রান করে তিনিও অভিজ্ঞ স্টার্কের বলে স্লিপে ক্যাচ দেন স্টিভ স্মিথকে (৭৭/৩)।

প্রত্যাবর্তনের ম্যাচে দারুণ খেলা গিলও ইনিংসটা বড় করতে পারেননি। ৫১ বলে ৩১ রান করে তিনি স্কট বোল্যান্ডের বলে লেগ বিফোর হয়ে যান।