২০১২ সাল থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের নিয়মিত মুখ স্পিনার জেস জোনাসেন জায়গা পেলেন না বাংলাদেশ সফরে। আজ বাংলাদেশ সফরের জন্য সীমিত ওভারের দুটি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে জোনাসেনের জায়গায় নেয়া হয়েছে পেস বোলার তাইলা ভ্লায়েমিককে, যিনি দুই বছরের মধ্যে এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন।

 

২০১২ সালের পর ফিট থাকলে অস্ট্রেলিয়ার কোনো বিদেশ সফরের দল থেকে বাদ পড়েননি জোনাসেন। যদিও এবার বাংলাদেশ সফরে দেখা যাবে না ৩১ বছর বয়সী অর্থোডক্স স্পিনারকে। তিনি অবশ্য বাদ পড়ার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি হোম সিরিজে তাকে রেখে অ্যালানা কিং, জর্জিয়া ওয়্যারহ্যাম ও সোফি মলিনেক্সকে প্রাধান্য দিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের কোচ।

  

দুই জাতির সিরিজ খেলতে এর আগে কখনো বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপ খেলতে এসেছিল তারা। সেবার চ্যাম্পিয়ন হয় অজি নারীরা। বাংলাদেশ সফরে এবার তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২১ মার্চ প্রথম ওয়ানডে।


১৭, ২৪ ও ২৭ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ এবং ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল তিনটি টি২০ ম্যাচ খেলবে দুই দল। ছয়টি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 


বাংলাদেশ সফরের স্কোয়াড

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি২০), অ্যালানা কিং, ফোয়েবে লিচফিল্ড, তাহলিয়া, ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, তাইলা ভ্লায়েমিক।