নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে জয়ের সন্ধান পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। আগামীকাল ভোর ৪টায় হ্যামিল্টনে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।
পাকিস্তানের নারীদের অবস্থা শোচনীয়। নিজেদের প্রথম তিন ম্যাচেই তারা হেরেছে। অস্ট্রেলিয়ার কাছে সাত উইকেটে, ভারতের কাছে ১০৭ রানে ও সর্বশেষ শুক্রবার তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরেছে তারা।
পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচ দেখায় তিনটিতে জিতেছে বাংলাদেশের নারীরা, হার দুটিতে। সর্বশেষ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে পরাজিত করে নিগারের দল। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে, পাকিস্তান আট নম্বরে।
এদিকে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌরের সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ তোলে ভারত। স্মৃতি ১২৩ ও হারমানপ্রীতের ১০৯ রান করেন। জবাবে ৪০ দশমিক ৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পেরেছেন ক্যারিবিয়ান নারীরা।
তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ক্রিকইনফো










