অধিনায়ক লিওনেল মেসি ও ডাগআউটে কোচ লিওনেল স্কালোনিকে ছাড়াই চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। খেলায় বেশি ধার না থাকলেও শুক্রবার ভোরে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় ঠিকই তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে দুই লাল কার্ড ও ৩২ ফাউলের ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে একুয়েডর। ব্রাজিলকে শুরুতেই এগিয়ে নেন ক্যাসেমিরো, দ্বিতীয়ার্ধে একুয়েডরের হয়ে সমতা টানেন ফেলিক্স তোরেস।
আর্জেন্টিনা-চিলি ম্যাচে তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। অ্যাঞ্জেল ডি মারিয়া সফরকারীদের এগিয়ে নেয়ার পর চিলির হয়ে সমতা আনেন বেন ব্রেরেটন। তার একটু পরই ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে সব মিলিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। কভিড পজিটিভ হওয়ায় এ ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াতে পারেননি কোচ স্কালোনি। অন্যদিকে পিএসজির অনুরোধে এ পর্বের দুই ম্যাচে মেসিকে দলে রাখেনি আর্জেন্টিনা। আগামী বুধবার ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষেও মেসিকে ছাড়া খেলতে নামবে আর্জেন্টিনা।
ব্রাজিলের ম্যাচে চরম নাটকীয়তা হয়েছে। শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন একুয়েডরের গোলরক্ষক ডোমিঙ্গেজ ও ব্রাজিলের ডিফেন্ডার এমারসন। বেশকিছু হলুদ কার্ডও দেখেন খেলোয়াড়রা। বেশির ভাগ সময় খেলা হয়েছে ১০ জন নিয়ে। ম্যাচে দুবার লাল কার্ড দেখেও ভিএআরতে বেঁচে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। একুয়েডরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফেলিক্স তোরেস।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত করেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেস্থান ধরে রাখল ব্রাজিল। সমান ম্যাচে ৯ জয় ও পাঁচ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা একুয়েডর ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। প্যারাগুয়ের মাঠে ১-০ গোলে জয়ী উরুগুয়ে সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে কলম্বিয়া। পেরুর পয়েন্টও সমান ১৭। ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চিলি।
লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। বিবিসি, ফিফা ডটকম










