এএইচএফ কাপ হকিতে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ দল। আজ জাকার্তায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে পাত্তাই দিল না লাল-সবুজ জার্সিধারীরা। সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে ‘বি’ গ্রুপের মাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

 

দলের জয়ে একটি করে গোল করেন খোরশেদ, আরশাদ, মিমো ও আশরাফুল। আগামীকাল বিকেল ৪টা ৪৫ মিনিটে নিজেদের তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

 

আজ ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ২-০ গোলের লিড নেয়। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল আলম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন। ৯ মিনিট পর সবুজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে সবুজের গোলেই ব্যবধান ৩-০ হয়। সবুজের দুটিই ফিল্ড গোল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল পায়নি। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরশাদ হোসেন স্কোরলাইন ৪-০ করেন। ৫৪ মিনিটে খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৫-০। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে আরেকটি ফিল্ড গোল করলে সবুজ হ্যাটট্রিক ও দলের ষষ্ঠ গোল করেন।

 

পরের মিনিটে পুষ্কর ক্ষিসা মিমো আরেকটি গোল করলে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে উঠল বাংলাদেশ।