করাচিতে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩১৯ রানের টার্গেটে চতুর্থ দিন
গোধুলিলগ্নে শূন্য রানে দুটি উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেখান থেকে অবিশ্বাস্য
লড়াইয়ে আজ পঞ্চম দিন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করল স্বাগতিকরা। উইকেটকিপার ব্যাটার
সরফরাজ আহমেদের বীরোচিত সেঞ্চুরিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র করতে
সমর্থ হয় বাবর আজমের দল (৩০৪/৯)। যদিও এই ড্র-ই পাকিস্তানের জন্য জয়ের সমান।
১৭৬
বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সরফরাজ যখন আউট হয়ে যান তখনো জয় থেকে ৩২ রান
দূরে পাকিস্তান। সেখান থেকে দশম উইকেটে ২১ বলে ১৭ রানের জুটি গড়ে পাকিস্তানের জয়ের
আশা টিকিয়ে রাখেন নাসিম শাহ (১৫*) ও আবরার আহমেদ (৭*)।
শেষ ওভারগুলোয় কাছাকাছি দাঁড়িয়ে তাদের ঘিরে রাখেন নিউজিল্যান্ডের সব ফিল্ডাররা।
নাটকীয় সময়ে শেষ তিন ওভারে যখন পাকিস্তানের প্রয়োজন পড়ে ১৪ রানের, তখন
আলোকস্বল্পতার কারণে আম্পায়ার আলিম দার ও অ্যালেক্স হোয়ার্ফ ম্যাচের সমাপ্তি
টানেন। চরম উত্তেজনাপূর্ণ এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়রাই যেন স্বস্তির নিঃশ্বাস
ফেলেন। কেননা দুই দলই ছিল হারের শঙ্কা, আবার জয়ের স্বপ্নও দেখছিল। ঘোর অনিশ্চয়তা
থেকে অবশেষে মুক্তি মেলে দুই দলের খেলোয়াড়দের।
ম্যাচ
শেষে দুই দলের খেলোয়াড়রাই অভিনন্দনে ভাসিয়েছেন সরফরাজকে, যিনি
সউদ শাকিলকে নিয়ে ২৩৮ বলে ১৫০ রানের অনবদ্য জুটি গড়ে পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে
রাখেন। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি স্বাগতিকদের।
করাচিতে
প্রথম টেস্টও ড্র হয়। দুই টেস্টের সিরিজ অমীমাংসিতই থাকল। প্রথম ইনিংসে ৭৮ ও
দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করে ম্যাচসেরা সরফরাজ আহমেদ। ৩৩৫ রান করে সিরিজসেরা
খেলোয়াড়ও হয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এবার
দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। তিনটি ম্যাচই করাচিতে। সোমবার
প্রথম ওয়ানডে।










