চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে জিততে চায় ঢাকা টেস্টে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট জিতে সিরিজ ড্র করার স্বপ্ন দেখছে স্বাগতিকরা। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

 

বাংলাদেশকে সাহসী করে তুলেছে তরুণ জাকির হাসানের অনবদ্য লড়াই। বাংলাদেশের ইতিহাসে প্রথম ও সব মিলে নবম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান জাকির। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তাকে নিয়ে বলেন, দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছি সেটাই হতে পারে সাফল্যের ব্লু প্রিন্ট। আমাদের তরুণরা অনেকেই চমকে দিয়েছে। জাকিরকে আমি প্রথম দেখেছি। তার সাহস ও আক্রমণাত্বক ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। সে দেখিয়েছে ভারতের ভালো মানের বোলারদের বিপক্ষেও দাপুটে ব্যাটিং করা যায়। সে সব সময় আত্মবিশ্বাস রাখে।

 

মিরপুর টেস্টে জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ভারতের বিপক্ষে খেলছি, জানি ১৫০ করে কোনো ম্যাচ জেতা সম্ভব নয়। দলের ভেতরে জুটির গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেছি। আমাদের আরো স্থির হতে হবে, যেমনটা চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি। আমরা জিততে মুখিয়ে আছি। আমিসহ দলের অনেকেই জয় নিয়ে বড়দিনের ছুটিতে যেতে চাই।

 

প্রথম ইনিংসে ভালো করার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার বলেন, জিততে হলে প্রথম ইনিংসে ভালো করা জরুরি। আপনাকে সুযোগগুলো অবশ্যই লুফে নিতে হবে। টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পেলে ৩৫০-৩৮০ রান করতে হবে। প্রথম ইনিংসের মূল্য কতটা তা আমরা বুঝতে পারছি। এখানের উইকেট শুষ্ক। কাজেই প্রথম ইনিংসে অবশ্যই আপনাকে ভালো করতে হবে। প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার সুযোগ।

 

চট্টগ্রাম টেস্টে না খেললেও ঢাকা টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। এবাদত হোসেন চোটে পড়ায় তার খেলা অনিশ্চিত। সেক্ষেত্রে খালেদ আহমেদ ও তাসকিন থাকবেন একাদশে, কিংবা একাদশে একজন পেসার খেলানো হলে সুযোগ মিলবে শুধু তাসকিনের। তাকে নিয়ে ডোনাল্ড বলেন, তাসকিন পুরোপুরি প্রস্তুত। চট্টগ্রামেও খেলতে প্রস্তুত ছিল, তবে সেরা অবস্থানে ছিল না বলে সেখানে খেলানো হয়নি তাকে।  

 

সুখবর দিলেন ডোনাল্ড। কাঁধের চোটের কারণে চট্টগ্রামে শুধু ব্যাটিং করা সাকিব আল হাসান ঢাকায় বোলিং করবেন বলে তিনি জানান। এছাড়া বাকি দল অপরিবর্তিত থাকবে।

 

ভারতীয় দলে চোটের হানা। রোহিত শর্মার জায়গায় চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দেয়া লোকেশ রাহুল ঢাকা টেস্টে অনিশ্চিত। সেক্ষেত্রে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন চেতেশ্বর পুজারা।