ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হারল পাকিস্তান। করাচিতে আজ তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে ২-১-এ সিরিজ জয় করে কিউইরা।

 

নিউজিল্যান্ডের দারুণ ফেরা। প্রথম ম্যাচে তাদের ৬ উইকেটে হারায় স্বাগতিকরা। এরপর টানা দুই জয়ে সিরিজ জিতে নিল কেন উইলিয়ামসনের দল। তিনটি ম্যাচই হয়েছে করাচিতে। 

 

পাকিস্তানের হারে বিফলেই যায় ফখর জামানের সেঞ্চুরি। ১২২ বলে ১০১ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ২৮০ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রাখেন ফখর। মোহাম্মদ রিজওয়ান করেন ৭৪ বলে ৭৭ রান, আগা সালমানের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৪৫ রান। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন ফখর জামান ও রিজওয়ান। পাকিস্তান পায় ৯ উইকেটে ২৮০ রানের সংগ্রহ। টিম সাউদি তিনটি ও লকি ফার্গুসন দুটি উইকেট নেন।

 

এরপর তিন হাফসেঞ্চুরিতে এই রান তাড়া করে জয় পায় নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন (৫৩) ও ডেভন কনওয়ে (৫২) ভিত গড়ে দেয়ার পর গ্লেন ফিলিপস ঝড়ো হাফসেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন। ৪১ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৬২ রান করেন তিনি।