সুপার টুয়েলভ রাউন্ডে একমাত্র দল হিসেবে ৫ ম্যাচে ৫ জয় তুলে নিয়ে রূপকথা লিখে চলছিল পাকিস্তান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারাই ছিল ফেভারিট। কিন্তু বাবর আজমদের এ স্বপ্নের দৌড় থামিয়ে ফাইনালে নাম লেখাল অস্ট্রেলিয়া। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করলেও অজিরা ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

রোববার এ মাঠেই ট্রান্স-তাসমান ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপ এবার পাবে নতুন চ্যাম্পিয়ন। বলাবাহুল্য, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবার প্রথম শিরোপার জন্য খেলতে নামা কিউইদের কাঁদিয়ে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ মুকুট জিতে নিয়েছিল অজিরা। রোববার দুবাইয়ে সেই হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ শিরোপার স্বাদ পাওয়ার সুযোগ এসেছে কেন উইলিয়ামসনের দলের সামনে। কিউইরা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হেরেছে ইংল্যান্ডের কাছে।

কাল জিততে শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২২ রান। কিন্তু শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের শেষ তিন বলে টানা ছক্কা মেরে এক ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন উইকেটকিপার ও ব্যাটার ওয়েড।

১৭৭ রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৪৯ রান করে দিলেও ৯৬ রানে ৫ উইকেট হারায় অজিরা। তখন ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামের সুতোর মতোই। সেখান থেকে মার্কাস স্টয়নিস (৩১ বলে ৪০*) ও ম্যাথু ওয়েডের (১৯ বলে ৪১*) জাদুকরী ব্যাটিংয়ে জয় পেল অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন স্টয়নিস ও ওয়েড। এর মধ্যে ওয়েডই ছিলেন সবচেয়ে মারমুখী। ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪১ রান করে তিনিই হয়েছেন ম্যাচসেরা। ওয়েড ৪০ রানের ইনিংস সাজিয়েছেন ২ বাউন্ডারি ও ২ ছক্কায়।

জয় শেষে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, এটা দারুণ এক ক্রিকেট ম্যাচ। ম্যাথু ওয়েড যেভাবে স্নায়ু শক্ত রেখেছে তা অবিশ্বাস্য। মার্কাস স্টয়নিসের সঙ্গে তার পার্টনারশিপও গুরুত্বপূর্ণ ছিল। দিনশেষে বড় টার্গেটটা ছুঁয়ে ফেলতে পেরে আমরা আনন্দিত।

অথচ কাল দিনটি হতে পারত পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের। ৫২ বলে ৬৭ রান করে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি২০-তে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করার কীর্তি গড়লেন পেশোয়ারের খাইবার পাখতুনখোয়া থেকে উঠে আসা ২৯ বছর বয়সী এ ক্রিকেটার। অনন্য এ মাইলফলকে পৌঁছতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দরকার ছিল ৩৪ রান। ১১তম ওভারে জাম্পাকে বিশাল ছক্কা মেরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান ডানহাতি এ ওপেনার। এখানেই থেমে যাননি। শেষ পর্যন্ত করেছেন ৬৭ রান। ইনিংসটি সাজিয়েছেন ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায়। যদিও পাকিস্তানের হারে বিফলেই যায় এ উইকেটকিপার ও ব্যাটারের বীরত্বপূর্ণ ইনিংস আর রেকর্ডের আনন্দ।

ব্যক্তিগত কীর্তির দিন পাকিস্তানকেও টেনেছেন রিজওয়ান। উদ্বোধনী জুটিতে বাবর আজমকে নিয়ে ৬০ বলে ৭১ রান তুলেছেন রিজওয়ান। বাবর  ৩৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হয়ে যান জাম্পার শিকার হয়ে। তখন রিজওয়ানের নামের পাশে ২৮ রান। পরে ওই জাম্পাকে ছক্কা হাঁকিয়েই তিনি মাইলফলকে পৌঁছেন। এরপর দ্বিতীয় উইকেটে ফখর জামানকে নিয়ে আরেকটি সত্তরোর্ধ্ব পার্টনারশিপ গড়েন রিজওয়ান। এ দুজন ৪৬ বল খেলে বোর্ডে যোগ করেন ৭২ রান।

দলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর বেশ আগ্রাসী হয়ে ওঠেন রিজওয়ান। তার বিস্ফোরক ব্যাটিংয়ে বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল পাকিস্তান। আত্মবিশ্বাসী রিজওয়ান বলকে সীমানাছাড়া করতে গিয়েই ১৪৩ রানের সময় মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তার বিদায়ের সময় দলের সংগ্রহ ছিল ১০৬ বলে ১৪৩ রান।

রিজওয়ানের বিদায়ের পর ফখর জামানের রান ছিল ২৬। পরে তার হাফ সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান ১৭৬ রান তুলে নেয়। ৩২ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন ফখর জামান। ডেঞ্জারম্যান আসিফ আলী (১) ও শোয়েব মালিক (০) এদিন দাঁড়াতেই পারেননি। আসিফ আলী ১ বল ও শোয়েব মালিক ২ বল টিকতে পেরেছেন। অবশ্য তাতে বিপদ হয়নি দলের, ততক্ষণে নির্ধারিত ২০ ওভারের খেলা প্রায় শেষের পথে ছিল।