উসমান খাজার দুর্দান্ত ফেরা। প্রায় আড়াই বছরের বেশি সময় পর দলে ফিরেই সিডনি টেস্টের দুই ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি। তার ১০১ রানের হার না মানা সেঞ্চুরিতে ভর করে অ্যাশেজের চতুর্থ টেস্টে ৩৮৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনা টিকিয়ে রেখেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গতকাল চতুর্থ দিন শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে বিনা উইকটে ৩০ রান তুলে মাঠ ছাড়ে ইংলিশরা। আজ পঞ্চম ও শেষ দিন জিততে সফরকারীদের প্রয়োজন ৩৫৮ রান। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে স্বাগতিকদের প্রয়োজন অতিথিদের ১০ উইকেট তুলে নেয়া।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নতুন রাজা এখন খাজা। ডুগ ওয়াল্টার্স ও রিকি পন্টিংয়ের পর এই মাঠে কোনো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি, অ্যাশেজে যা নবম কীর্তি। আর ৫ নম্বর কিংবা তার নিচে নেমে কোনো টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরির এটা দশম কীর্তি। সিডনির দুই ইনিংসে খাজার রান ২৩৮, যা কিনা জো রুট ছাড়া ইংল্যান্ডের বাকি সবার চেয়ে বেশি!

এর আগে প্রথম ইনিংসে ২৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। আগের দিন অপরাজিত থাকা জনি বেয়ারস্টো থামেন ১১৩ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্কট বোল্যান্ড চারটি উইকেট নেন। অজিদের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল আট উইকেটে ৪১৬ রান।

১২২ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ছয় উইকেটে ২৬৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এ ইনিংসে শুরুটা ভালো হয়নি অজিদের। ৮৬ রানেই চার উইকেট হারায় তারা। পঞ্চম উইকেটে খাজা ও ক্যামেরন গ্রিনের ১৭৯ রানের জুটি বড় সংগ্রহ এনে দেন দলকে। ১২২ বলে ৭৪ রান করে ফেরেন গ্রিন। সাতটি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। খাজা তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ১৩৮ বল মোকাবেলায় করেন অপরাজিত ১০১ রান। নান্দনিক ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছক্কার মার। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেনে খাজা। ক্রিকইনফো