মাউন্ট মঙ্গানুইয়ে ২০২২ সালের প্রথম দিন থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে আজ থেকে একই ভেন্যুতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল সফরকারীরা। কিন্তু বৃষ্টির বাগড়ায় মাত্র ২৭.৩ ওভার খেলা হয়েছে প্রথম দিন। পাঁচ উইকেটে ৭১ রান করেছে নিউজিল্যান্ড একাদশ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ দারুণ শুরু পেয়েছিল। বিশেষ করে নিউজিল্যান্ডের সবুজ উইকেটে গতির ঝড় তুলে নিউজিল্যান্ড একাদশের টপ অর্ডারকে চেপে ধরেছিলেন তাসকিন-রাহী জুটি। আবু জায়েদ ৯ ওভারে ২৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে তাসকিন ৮.৩ ওভার বোলিং করে ২৬ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট।
জ্যাকোব ভুলার ব্যাট থেকে সর্বোচ্চ ২১ রানের ইনিংস এসেছে। এছাড়া জ্যাক বয়েল করেছেন ২০ রান, মিচ রেনউইক খেলেছেন ১৮ রানের উল্লেখযোগ্য ইনিংস। পেস কন্ডিশন কাজে লাগিয়ে কিউই ব্যাটারদের কোনো সুযোগই দেননি তাসকিন-রাহীরা। বৃষ্টি বাগড়া না দিলে বাংলাদেশের পেসারদের জন্য দিনটি আরো দারুণ হলেও হতে পারতো!
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ২৭.৩ ওভারে ৭১/৫, (জর্জেসন ৬, কামিং ১, কনওয়ে ০, বয়েল ২০, রেনউইক ১৮, ভুলা ২১*; আবু জায়েদ ৩/২৭, তাসকিন ২/২৬)










