ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে ৩৪৮ রান তুলে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এর জবাবে সফরকারী ইংল্যান্ড হ্যারি ব্রুকের রাজসিক সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৯ রান তুলে আজ শুক্রবার দ্বিতীয় দিন মাঠ ছেড়েছে। ৫ উইকেট হাতে নিয়ে তারা ২৯ রানে পিছিয়ে রয়েছে।

৮ উইকেটে ৩১৯ রান নিয়ে আজ দিন শুরু করা কিউইরা বাকি দুই উইকেট হারিয়ে বোর্ডে আর ২৯ রান যোগ করতে সমর্থ হয়। ৫৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। স্পিনার শোয়েব বশিরের পর আজ ৪ উইকেট নেন পেসার ব্রাইডন কার্স। আরেক পেসার গাস অ্যাটকিনসন নেন ২টি উইকেট।

এরপর হ্যাগলি ওভালে পুরো দিন ছিল হ্যারি ব্রুক-শো। ইংলিশরা ৭১ রানে চার উইকেট হারানোর পরও দিনশেষে তাদের কর্তৃত্ব ওই ব্রুকের বীরত্বেই। ১৬৩ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৩২ রান করে তিনি অপরাজিত রয়েছেন। চার উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে ওলি পোপকে নিয়ে ১৮৮ বলে ১৫১ রানের জুটি গড়েন ব্রুক। তাতেই চাপ থেকে ক্রমে বেরিয়ে এসে কিউইদের উল্টো চাপে ফেলতে থাকে ইংলিশরা।

পোপ ৯৮ বলে ৮ বাউন্ডারিতে ৭৭ রান করে টিম সাউদির শিকার হওয়ার পর অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে আরেকটি দারুণ জুটি গড়েন ব্রুক। ষষ্ঠ উইকেটে ১৩০ বলে ৯৭ রান যোগ করে অবিচ্ছিন্ন রয়েছেন এই দুজন। ব্রুকের সঙ্গী স্টোকস ৭৬ বল খেলে ৩৭৬ রান করে অপরাজিত। ইংল্যান্ড কোথায় গিয়ে থামবে তা এখন এই জুটির ওপরই নির্ভর করছে।