ডারবান টেস্টে আজ দ্বিতীয় দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকা শিবিরে জোড়া আঘাত হানেন বাংলাদেশের পেস বোলার খালেদ আহমেদ। আগের দিনের অপরাজিত ব্যাটার কাইল ভেরেইনকে (২৮) দিনের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই পেসার। পরের বলে উইয়ান মুলডারকেও শিকারে পরিণত করেন খালেদ। গালিতে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে রানের খাতা সাদা রেখে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর তেম্বা বাভুমাসহ আরো দুই উইকেট শিকার করে স্বাগতিকদের চাপে রেখেছে বাংলাদেশ।


ষষ্ঠ উইকেট পতনের পর কেশব মহারাজকে নিয়ে বোর্ডে আরো ৫৩ রান যোগ করেন বাভুমা। তিনি ছুটছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে। যদিও মাত্র ৭ রান দূরে থাকতে তাকে ফিরতে হয় সাজঘরে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে তিনি বোল্ড হন। ১৯০ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রান করেন প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক। সেঞ্চুরি না পেলেও গুরুত্বের বিচারে এটি সেঞ্চুরির চেয়েও হয়তো বেশি ভারী ইনিংস।


বাভুমার বিদায়ের রেশ কাটতে না কাটতেই প্রোটিয়াদের আরেক ধাক্কা দেয় বাংলাদেশ। পরের বলেই এবাদত বোল্ড করেন কেশব মহারাজকে (২৯৮/৮)। মহারাজ ৪০ বলে করেন ১৯ রান।


এরপর সাইমন হার্মার (৮*) ও অভিষিক্ত লিজাড উইলিয়ামস (৬*) জুটি গড়ার চেষ্টা করছিলেন। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩১৪ রান।


বাংলাদেশের বোলারদের মধ্যে খালেদ ৮০ রানে তিনটি, মেহেদী হাসান মিরাজ ৭৬ রানে দুটি ও এবাদত হোসেন ৭২ রানে দুটি উইকেট নেন।


ডারবানে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এই সিরিজের দুটি টেস্ট খেলবে। পরের টেস্ট পোর্ট এলিজাবেথে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল।