উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে একটি গোল করেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
রদ্রি ও বার্নার্দো সিলভার গোলের পর ৭৬ মিনিটে ম্যানসিটির
তৃতীয় গোলটি করেন হালান্ড। এটা চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় তার ৪৫তম গোল,
যা করেন মাত্র ৩৯ ম্যাচে। বায়ার্নের বিপক্ষে আট ম্যাচে এটা তার ষষ্ঠ গোল। বরুশিয়ায়
থাকার সময় বায়ার্নের বিপক্ষে নিয়মিত খেললেও জয় পাননি।
হালান্ডকে নিয়ে বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার
মারিও গোমেজ বলেন, ‘এই খেলোয়াড়টিকে প্রত্যেক দলই ভয় পাবে, কারণ সে একটা দৈত্য। সে
একটি পশু। তাকে সই করানোয় ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’
এদিন ম্যাচে মাত্র ২৮ বার বল স্পর্শ করেছেন হালান্ড,
যা দুই দল মিলে সবচেয়ে কম। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ওয়েন হারগ্রিভস তাকে নিয়ে
বলেন, ‘আমার দেখা মতে সবচেয়ে নিখুঁত স্ট্রাইকার সে। তার গোল স্কোরিং দক্ষতা
অসামান্য।’
ম্যানসিটির সাবেক ডিফেন্ডার জেলোয়েন লেসকট বলেন, ‘সে
অনন্য। যারা উইংয়ে খেলে থাকে, তাদের জন্য আনন্দের যে আপনি ঠিক জায়গায় বল ফেললে
হালান্ড সংযোগ ঘটাবেই।’
চলতি মৌসুমে ছয়টি অ্যাসিস্টও আছে হালান্ডের। তার
মধ্যে একটি আবার এই ম্যাচে। তিনি গোল করিয়েছেন বার্নার্দো সিলভাকে দিয়ে। তার অবদান
নিয়ে ম্যানইউর সাবেক স্ট্রাইকার ডিওন ডাবলিন বলেন, ‘এই ম্যাচে সে অন্য খেলোয়াড়দের
নিয়ে অনেক বেশি কাজ করেছে। সিটি তিন গোল করলে স্কোরশিটে অবধারিতভাবেই তার নাম
থাকবে।’
১৯৯২-৯৩ মৌসুমে মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চালু হওয়ার
পর এই প্রথম লিগের কোনো খেলোয়াড় ৪৫ গোল করলেন। ম্যানইউর হয়ে ডাচ স্ট্রাইকার রুদ ফন
নিস্টেলরয় ও লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ ২০১৭-১৮ মৌসুমে ৪৪ গোল করেন। এজন্য
দুজনই আবার খেলেছেন সমান ৫২ ম্যাচ। তাদের চেয়ে ১৩ ম্যাচ কম খেলে রেকর্ড গড়েছেন ২২
বছর বয়সী হালান্ড। নিস্টেলরয় ৪৪ গোল করেন দ্বিতীয় মৌসুমে, সালাহ প্রথম মৌসুমে
করলেও এর আগে তিনি খেলেছেন ইংলিশ ক্লাব চেলসিতে।
নিজের আগের রেকর্ডও ভেঙে দিয়েছেন হালান্ড। ২০১৯-২০২০
মৌসুমে ৪৪ গোল করেছিলেন তিনি—সলজবুর্গের হয়ে ২৮ গোল ও ডর্টমুন্ডের হয়ে ১৬ গোল করেন
তিনি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র ১২ জন খেলোয়াড় মৌসুমে
৩০-এর বেশি গোল করেছেন। তাদের অন্যতম হালান্ড। ৩৪ গোল নিয়ে রেকর্ডের অধিকারী অ্যান্ডি
কোল (১৯৯৩-৯৪ মৌসুম) ও অ্যালান শিয়ারার (১৯৯৪-৯৫ মৌসুম)। ৩০ গোল নিয়ে দুজনের
রেকর্ড ভাঙার পথে হালান্ড। কোল ও শিয়ারার দুজনই ৩৪ গোল করেন ৪২ ম্যাচের মৌসুমের
সময়। অবশ্য তার আগে সালাহর ৩২ গোলের রেকর্ডটা ভাঙতে হবে তাকে।










