ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) এমনই এক লিগ, যার দলবদলের দিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারই ওলট-পালট হয়ে যায়। কোটি কোটি ডলারে খেলোয়াড় কিনে নেয় দলগুলো। ২০২২-২৩ মৌসুমেই যেমন সর্বোচ্চ ৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ডলার বেতন পাবেন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের খেলোয়াড় স্টিফেন কারি। চলতি মৌসুমে ৪ কোটি ডলারের বেশি বেতন পাবেন মোট দশ খেলোয়াড়! অর্থের ঝনঝনানির পাশাপাশি এই লিগের আবেদনও বিশ্বজুড়ে। এই লিগের সুপারস্টার মাইকেল জর্ডান বিশ্ব ক্রীড়ায় কিংবদন্তিতুল্য। কাজেই এই লিগের যেকোনো রেকর্ড অনেক বড় গৌরবের, অনেক বড় কীর্তিময়। এমনই এমন কীর্তি গড়লেন লেবরন জেমস। করিম আব্দুল-জব্বারের ৩৯ বছরের রেকর্ড ভেঙে এনবিএ লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরের মালিক হলেন লস অ্যাঞ্জেলেস লেকার্সের সুপারস্টার ৩৮ বছর বয়সী ‘‌কিং জেমস’।



বুধবার ওকলাহোমা সিটি থান্ডারকে ১৩৩-১৩০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জেমসের লেকার্স, যে ম্যাচে তিনি করেন ৩৮ পয়েন্ট। এর মধ্য দিয়ে আব্দুল-জব্বারের ৩৮ হাজার ৩৮৭ পয়েন্টের রেকর্ডও টপকে যান তিনি।



আব্দুল-জব্বার ১৯৮৪ সালের এপ্রিল মাসে এনবিএ লিগে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছিলেন, এর ঠিক আট মাস পর জন্ম হয় জেমসের। আব্দুল-জব্বারের রেকর্ড ভাঙার পর জেমস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘‌কিংবদন্তি ও খ্যাতিমান আব্দুল-জব্বারের উপস্থিতিতে এটি (রেকর্ড) গড়তে সমর্থ হওয়া, আমার জন্য অনেক বড় ব্যাপার।’


রেকর্ড গড়তে বুধবার জেমসের প্রয়োজন ছিল ৩৬ পয়েন্ট। তৃতীয় কোয়ার্টারে গিয়ে জাম্পার শটে তিনি রেকর্ড গড়তে সমর্থ হন এবং ম্যাচশেষে তার নামের পাশে ৩৮ হাজার ৩৯০ পয়েন্ট।


রেকর্ড গড়ার আনন্দে দু হাত প্রসারিত করে উদযাপন করেন জেমস। লকার্সের নিজস্ব কোর্টে এই ম্যাচে দর্শকসারিতে ছিলেন স্বয়ং আব্দুল-জব্বার, যিনি উঠে দাঁড়িয়ে জেমসকে অভিনন্দন জানান। ম্যাচের বিরতিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেমস। এ সময় তার হাতে স্মারক হিসেবে বল তুলে দেন আব্দুল-জব্বার। দর্শকসারিতে ছিলেন টেনিস স্টার জন ম্যাকেনরো, মিউজিক স্টার জে-জেড, এলএল কুল জে ও ব্যাড বানি, বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়র ও অভিনেতা ডেনজেল ওয়াশিংটন।


১৯৮৯ সালে অবসর নেয়া আব্দুল-জব্বার বলেন, ‘‌আমি জানতাম এটি ভাঙার অনেক সুযোগ আসবে। লেব্রন এমন একজন খেলোয়াড় যে কিনা এই খেলাটিকে আধিপত্য করতে চেয়েছে। সে যেভাবে খেলে এসেছে, যেভাবে আধিপত্য করেছে এবং এখনো দাপটের সঙ্গে টিকে আছে, তাতে আপনি অবশ্যই তাকে কৃতিত্ব দেবেন।’


চারবারের এনবিএ চ্যাম্পিয়ন জেমসের ক্যারিয়ারের ২০তম মৌসুম চলছে। ২০০৩ সালে হোমটাউনের ক্লাব ক্লিভল্যান্ড ক্যাভালিয়র্সে অভিষেক ঘটে তার। ২০১০ সালে তিনি যোগ দেন মায়ামি হিটে। মায়ামিতে দুটি লিগ শিরোপা জয়ের পর ফের যোগ দেন ক্লিভল্যান্ডে, যাদের শিরোপা এনে দেন ২০১৬ সালে। ২০১৮ সাল থেকে তিনি গায়ে তুলছেন লেকার্সের জার্সি। এই দলটিকে ২০২০ সালে শিরোপা এনে দিতে রাখেন অগ্রণী ভূমিকা। সেবার চতুর্থবারের মতো জিতে নেন এনবিএর সবচেয়ে দামী খেলোয়াড়ের পুরস্কার। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এ পাওয়ার ফরওয়ার্ড নিজের নাম লিখিয়ে নিলেন এনবিএর রেকর্ড বুকে।


জেমস চারবার শিরোপা জয়ের পাশাপাশি দশবার এনবিএর ফাইনাল খেলেছেন। তিনি দুবারের অলিম্পিক চ্যাম্পিয়নও।


আব্দুল-জব্বারও তার মতো ২০ মৌসুম খেলেছেন মিলওয়াউকি বাকস ও লেকার্সের হয়ে, এনবিএ শিরোপা জিতেছেন ছয়টি। আব্দুল-জব্বার ছয়বার মৌসুমসেরা ও দুবার ফাইনাল সেরা খেলোয়াড় হন।


তিনি সর্বকালের সেরা খেলোয়াড় কিনা, এমন প্রশ্নের জবাবে জেমস বলেছেন, ‘‌এটা নির্ধারণের কিংবা এ নিয়ে কথা বলার বিষয়টি আমি প্রত্যেকের ওপরই ছেড়ে দিতে চাই, কিন্তু এটা কিন্তু সেলুনের দারুণ আলোচনার বিষয়। এই খেলাটি যারা খেলেছেনে তাদের প্রত্যেকের সঙ্গেই যাতে তুলনা করা যায়, সেই কাজটি আমি করে যাচ্ছি। তবে প্রত্যেকেই কিন্তু নির্ধারণ করবেন, কে তাদের প্রিয় খেলোয়াড়।’



৫ হাজার থেকে ৩৫ হাজার পর্যন্ত প্রতিটি রেকর্ডই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গড়েছেন জেমস। ২০১৯ সালে ছয়বারের এনবিএ চ্যাম্পিয়ন মাইকেল জর্ডানকে টপকে চতুর্থ ও ২০২০ সালে লেকার্সের প্রয়াত কোবে ব্রায়ান্টকে টপকে তৃতীয় স্থানে উঠে যান। পরিশেষে তিনি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়লেন।



১৯ বারের এনবিএ অল-স্টার জেমস ক্লিভল্যান্ডের হয়ে ১১ মৌসুমে ৮৪৯ ম্যাচে ২৩ হাজার ১১৮ পয়েন্ট, মায়ামি হিটের হয়ে ২৯৪ ম্যাচে ৭ হাজার ৯১৯ পয়েন্ট ও লেকার্সের জার্সিতে পাঁচ মৌসুমে ২৬৬ ম্যাচে ৭ হাজার ৩১৪ পয়েন্ট স্কোর গড়েন।


এনবিএর সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ায় জেমসকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, লেকার্স গ্রেট ম্যাজিক জনসন, এনবিএ কমিশনার অ্যাডাম সিলভার, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স গার্ড স্টিফেন কারি, ব্রুনলিন নেটস ফরওয়ার্ড কেভিন ডুরান্টসহ খ্যাতিমান ব্যক্তিরা। এপি, বিবিসি, ইএসপিএন