গত মঙ্গলবার একই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার সামিউর রহমান সামি ও খন্দকার মোশররফ হোসেন রুবেল। তাদের মৃত্যুতে শোকের ছায়া নামে ক্রীড়াঙ্গনে। আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তিন ম্যাচের সবকটি শুরু হওয়ার আগে প্রয়াত দুই ক্রিকেটারের স্মরণ নীরবতা পালন করা হয়। এতে দলেগুলোর সব ক্রিকেটার, কোচ ও স্টাফরা অংশ নেন।
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন সামিউর। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত গত মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম পেস বোলার ছিলেন।
১৯৮৬ সালে শ্রীলংকার মাটিতে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলংকার সঙ্গে ওয়ানডে ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সেখানে দুই ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন পেসার সামিউর রহমান। খেলোয়াড় জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন তিনি।
একই দিন মৃত্যুবরণ করেন ক্রিকেটার খন্দকার মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘদিন ব্রেন টিউমারের সঙ্গে পাঞ্জা লড়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে খেলেছেন পাঁচটি ওয়ানডে। ৪.৪৫ ইকোনোমিতে নিয়েছেন চারটি উইকেট। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন বাঁহাতি এই অর্থডক্স স্পিনার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৩৩০৫ রান। ছিল দুটি সেঞ্চুরিও।










