ম্যাট হেনরির বোলিং তোপে ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালের পর প্রথমবার আগে ব্যাটিং করে ১০০ রানের নিচে অলআউট হলো প্রোটিয়ারা। ক্যারিয়ার সেরা ২৩ রান খরচায় সাত উইকেট নেন জিল্যান্ডের ডানহাতি পেসার হেনরি।

প্রোটিয়াদের দ্রুত গুটিয়ে দিয়ে, দিন শেষে প্রথম ইনিংসে তিন উইকেটে ১১৬ রান সংগ্রহ করেছে কিউইরা। হেনরি নিকোলস ৩৭ ও ও নেইল ওয়াগনার ২ রানে অপরাজিত আছেন। সফরকারীদের হয়ে অলিভিয়ার দুটি মার্কো জেনসেন একটি উইকেট নেন। 

হ্যাগলি ওভালে টস জিতে আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। এ টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ব্যাটাররা দাঁড়াতেই পারেনি কিউই বোলারদের সামনে। সাত ব্যাটার দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি।

সর্বোচ্চ জুবায়ের হামজা ২৫ রান করেন। এছাড়া কাইল ভেরিন্নে ১৮ ও অ্যাইডেন মার্করাম ১৫ রান করেন। স্বাগতিক বোলারদের মধ্যে হেনরি সাতটি, এছাড়া সাউদি, ওয়াগনার ও জেমিসন একটি করে উইকেট নেন।