গ্রুপ পর্ব শেষে এরই মধ্যে ১৬টি দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে। আগামীকাল উয়েফার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে শেষ ১৬ দলের ড্র। সবচেয়ে চমকপ্রদ হলো বার্সেলোনাকে ছাড়াই হবে এবারের ড্র। যে দৃশ্য গত ২০ বছরেও দেখা যায়নি ইউরোপের সেরা মঞ্চে।
এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ চারটি ক্লাব শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে। স্প্যানিশ ক্লাব তিনটি। ফ্রান্স, ইতালি ও পর্তুগালের দুটি ক্লাব। জার্মানি, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার একটি করে ক্লাব নকআউটের টিকিট কাটে।
তবে এবার বিদায় নিতে হয়েছে বার্সেলোনা, সেভিয়া, এসি মিলান, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লিজিগ, আটলান্টা ও পোর্তোর মতো শক্তিশালী দলগুলোকে। অথচ গত মৌসুমে এসি মিলান ছাড়া বাকি ছয় দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে খেলেছিল। এবার চমকে দিয়ে সে জায়গাগুলো দখল করে নিয়েছে বেনফিকা, স্পোর্টিং সিপি, সলজবুর্গ, ভিয়ারিয়াল ও লিলের মতো দলগুলো।
আটটি গ্রুপের মধ্যে মাত্র তিনটি ক্লাব গ্রুপ পর্বে নিজেদের সবক’টি (ছয়টি) ম্যাচ জিতে নকআউট পর্বে জায়গা করে। ‘বি’ গ্রুপের ‘মৃত্যুকূপ’
থেকে এসি মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ ও পোর্তোকে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় লিভারপুল। ‘সি’ গ্রুপে ডাচ ক্লাব আয়াক্সও জিতেছে সব ম্যাচ। ‘ই’ গ্রুপে বায়ার্ন মিউনিখ তো প্রতিপক্ষ দলগুলোকে বিধ্বস্ত করে উঠেছে শেষ ১৬তে। ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট, সঙ্গে ২২টি গোল প্রতিপক্ষের জালে, যা চলতি মৌসুমে গ্রুপ পর্বে কোনো ক্লাবের সবচেয়ে বেশি গোল। লিভারপুলের গোল সংখ্যা ১৯টি।
তবে সবচেয়ে হতাশার নাম বার্সেলোনা। বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগে হেরেছে একই ব্যবধানে (৩-০)। বেনফিকার মাঠে প্রথম দেখায় ৩-০তে হার এবং ফিরতি দেখায় ঘরের মাঠে গোলশূন্য ড্র কপাল পুড়ে বার্সার। ডায়নামো কিয়েভের বিপক্ষে দুই দেখাতেই ১-০ গোলে জিতলেও তা নকআউটের জন্য যথেষ্ট ছিল না। দুটি করে জয়, ড্র ও হারে ৮ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ১৬তে পা রাখে বেনফিকা। অপরদিকে বার্সা তিন হার, দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তিনে থেকে বিদায় নিতে হয়েছে। বায়ার্ন, আয়াক্স, লিভারপুলের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল, ম্যানসিটি, ম্যানইউ, জুভেন্টাস ও লিলে।
আগামী বছর ১৫, ১৬, ২২ ও ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের ম্যাচগুলো হবে ৮, ৯, ১৫ ও ১৬ মার্চ। ১৮ মার্চ অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। বিবিসি










