সিরিজের প্রথম টি২০ ম্যাচে শ্রীলংকাকে হারালেও এরপর টানা দুটিতে হারল বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার কলম্বোয় তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে ৪৪ রানের জয় তুলে নেয় সিংহলিজরা। ফলে ১-২-এ সিরিজ হারল নিগার সুলতানার দল।

 

আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৫৮ রান তোলে স্বাগতিকরা। নিলাক্ষী ডি সিলভা (৩৯ বলে ৬৩*) ও হার্শিথা সামারাবিক্রমার (৪২ বলে ৫১) ফিফটিতে ভর করে বড় সংগ্রহ পায় সিংহলিজ নারীরা। ২৩ বলে ৩২ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু। বাংলাদেশের রাবেয়া খান, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন। তবে বেশ ব্যয়বহুল ছিলেন অভিজ্ঞ পেস বোলার জাহানারা আলম। তিনি চার ওভারে ৪৪ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য।

এরপর বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ৭ উইকেটে মাত্র ১১৪ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ৩৩ বলে ৩১ ও সোভানা মোস্তারি ২৫ বলে ৩০ রান করেন। যদিও বাকিদের ব্যর্থতায় দলের জয়ের আশা জাগেনি। উদেশিকা প্রাবোধানি ও কাইয়া কাবিন্দ দুটি করে এবং সুগন্ধিকা কুমারি একটি উইকেট নেন।

 

এর আগে ওয়ানডে সিরিজটা ১-০তে জিতে নেয় শ্রীলংকা। সিরিজে দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর টি২০ সিরিজটা সিংহলিজরা জিতল ২-১ ব্যবধানে। সফরে বাংলাদেশের অর্জন শুধু একটি টি২০ জয়। তা-ও নয় বছর পর শ্রীলংকাকে টি২০তে হারাতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। ২০১২ ও ২০১৪ সালে টানা দুই ম্যাচে হারায় বাংলাদেশ। এরপর টানা সাতটি টি২০ ম্যাচে শ্রীলংকার কাছে জুটেছে হারের স্বাদ। চলতি সফরে এসেছিল প্রতীক্ষিত জয়। যদিও এরপর ছন্দ হারায় নিগারের দল।