আগামী মে মাসে দুটি প্রতিযোগিতার জন্য ১ কোটি ১০ লাখ টাকা স্পন্সর পেল বাংলাদেশ জাতীয় হকি ফেডারেশন। সম্প্রতি স্পন্সর প্রতিষ্ঠান ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড হকি ফেডারেশনকে চেক হস্তান্তর করে।
৬ থেকে ১৫ মে পর্যন্ত থাইল্যান্ডে চলবে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব। এরপর ২৩ মে থেকে ১ জুন
জাকার্তায় বসবে এশিয়া কাপ হকির ১১তম আসর। দুটি আসর সামনে রেখে মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির অধীনে বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। এ দুটি আসরের জন্য ভালো অংকের স্পন্সর পাওয়ায় নিশ্চিতভাবেই উজ্জীবিত হবে বাংলাদেশ দল।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব.) মো.
আবু জাফর চৌধুরী এবং হকি ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরেই হকি ফেডারেশন আওতাধীন লিগগুলোর পৃষ্ঠপোষকতা করে আসছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল হকির স্পন্সর করে আসছে। সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেড় কোটি টাকার স্পন্সরশিপ দিতে সম্মত হয়েছে জাতীয় যুব হকি লিগ আয়োজনের।










