টেস্টে আগের ১১টি লড়াইয়ে কখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার চট্টগ্রামে ১২তম ম্যাচেও তাদের হারানো গেল না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ পঞ্চম দিন সকালে বাংলাদেশের শেষ চার উইকেট তুলে নিতে মাত্র ১১.২ ওভার লেগেছে ভারতের। ৫১৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নামা স্বাগতিকরা ৩২৪ রানে গুটিয়ে গিয়ে হেরেছে ১৮৮ রানের ব্যবধানে। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
জাকিরের সেঞ্চুরির পরও চতুর্থ দিন ৬ উইকেট হারায় বাংলাদেশ। দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২৭২/৬। আজ সকালে এক ঘণ্টারও কম সময়ে বাকি চারটি উইকেট হারিয়ে বোর্ডে আর ৫২ রান যোগ করতে সমর্থ হন সাকিব আল হাসানরা। মেহেদী হাসান মিরাজ ৯ রানের সঙ্গে সকালে মাত্র তিন রান যোগ করে মোহাম্মদ সিরাজের শিকার হন। এরপর টেলএন্ড নিয় অনবদ্য ব্যাটিং করেন সাকিব। তিনি ৬টি চার ও ৬টি ছক্কায় ভারতীয় বোলারদের হতাশ করতে থাকেন। তবে একটি সময় থামতে হয় তাকে। কুলদীপ যাদবের বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ১০৮ বলে ৮৪ রানে শেষ হয় তার ইনিংস। এরপর আর চার যোগ করে অলআউট হয় বাংলাদেশ। পরপর দুই ওভারে এবাদত ও তাইজুলকে বিদায় করেন অক্ষর প্যাটেল ও কুলদীপ।
৭৭ রানে ৪ উইকেট নেন অর্থোডক্স স্পিনার কুলদীপ, আর ৭৩ রানে ৩ উইকেট নেন রিস্ট স্পিনার অক্ষর প্যাটেল।
হারলেও এই টেস্ট থেকে বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে নিতে পারেন সাকিবরা। অভিষেকে জাকিরের সেঞ্চুরিতে ওপেনিং নিয়ে ভাবনা অনেকটা কমবে বাংলাদেশ দলের, ফর্মে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সাকিবের পারফরম্যান্স ছিল উত্সাহব্যঞ্জক।
হার শেষে সাকিব বলেন, ব্যাটিংয়ের জন্য এটি ভালো উইকেটই ছিল, কিন্তু প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাট করিনি। এখানে কোনো অজুহাতও নেই। চাপ তৈরি করে যাওয়ায় ভারতকে কৃতিত্ব দিতে হবে।
অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়া জাকির হাসানকে নিয়ে সাকিবের মূল্যায়ন, জাকির ঘরোয়া ক্রিকেটে অনেক রান করছিল। আশাকরি, আরো অনেক সেঞ্চুরি সে পাবে।
তাদের এই জয় এবং তারপর অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের হারে এটা নিশ্চিত হয়েছে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত উঠে গেছে দুই নম্বরে। বর্তমান চক্রে এখনো পাঁচটি টেস্ট খেলবে ভারত, এর মধ্যে চারটি জিতলেই তারা আরেকবার ফাইনালে উঠবে। টেবিলে বাংলাদেশ সবার তলানিতে।










