বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল-২০২৩) আজ রাতের ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৮ রান তোলে ঢাকা। জবাবে ১৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

 

৫৬ রানে দুই উইকেট হারানোর পর আফিফ হোসেন ও দারউইশ রাসুলি তৃতীয় উইকেটে ৬২ বলে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে চট্টগ্রামকে দাপুটে জয় এনে দেন। আফিফ ৫২ বলে সাতটি বাউন্ডারি ও এক ছক্কায় ৬৯ রান এবং আফগান ব্যাটার রাসুলি ৩৩ বলে তিন বাউন্ডারি ও চার ছক্কায় ৫৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

 

এর আগে আফগান ব্যাটার উসমান গনি ও মিজানুর রহমান ওপেনিং জুটিতে ৯ ওভারে ৬০ রান এনে দিলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ পায়নি ঢাকা। উসমান ৩৩ বলে ৪৭ ও মিজানুর ৩৩ বলে ২৮ রান করেন। এছাড়া নাসির হোসেন ২২ বলে ৩০ ও আরিফুল হক ১৮ বলে ২৯ রান করেন। মেহেদী হাসান রানা ও নিহাদুজ্জামান দুটি করে উইকেট নেন। যদিও ১৫৮ রানের পুঁজি নিয়ে তারা চট্টগ্রামকে চ্যালেঞ্জ জানাতে পারেনি।

 

এটা চট্টগ্রামের দ্বিতীয় জয়। চার ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে শুভাগত হোমের দল। তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।

 

রোববার বিপিএলের চট্টগ্রাম পর্বে কোনো খেলা নেই। সোমবার ঢাকা খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, আর চট্টগ্রামের প্রতিপক্ষ তিন ম্যাচে জয়হীন কুমিল্লা।