ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ৫০০তম ম্যাচে জয় পেলেন পেপ গার্দিওলা। একের পর এক হার ও ড্রতে বিপর্যস্ত সিটিজেনরা রোববার লেস্টার সিটির মাঠে ২-০ গোলের স্বস্তির জয় তুলে নেয়।

২১ মিনিটে সাভিনিয়ো এগিয়ে দেন ম্যানসিটিকে। এরপর ৭৪ মিনিটে সেই সাভিনিয়োর পাস থেকে হেডে গোল করে সিটিকে ২-০-তে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। লেস্টারের জেমি ভার্ডি দু দুবার সিটির গোলমুখে আতঙ্ক ছড়ালেও গোল পাননি।

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সর্বশেষ ১০ ম্যাচে এ নিয়ে মাত্র দ্বিতীয় জয় তুলে নিল। এই জয়ের পর ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দলটি। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে চেলসি। এছাড়া লিভারপুল ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, নটিংহ্যাম ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও আর্সেনাল ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। লিভারপুল রোববার রাতে ওয়েস্ট হ্যামের মাঠে ৫-০ গোলের বিশাল জয় তুলে নেয়। লুইস দিয়াজ, কডি গাকপো, মোহাম্মদ সালাহ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ও দিওগো জোটা গোল করেন।

liverpool

লিভারপুলের গোল উদযাপন। ছবি: এপি

রোববার এভারটনকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে যায় নটিংহ্যাম ফরেস্ট। ১ জানুয়ারি ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে আর্সেনাল। ওই ম্যাচে জিতলে তারা দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করবে।