শেষ ওভারের
রোমাঞ্চে ব্রাদার্স ইউনিয়নকে ১ রানে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এ জয়ে
ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে (ডিপিএল) এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।
শেষ ওভারে জয়ের
জন্য ব্রাদার্সের প্রয়োজন ছিল ৩ রান, হাতে কেবল একটি
উইকেট। অলক কাপালির ঘূর্ণি জাদুতে ১ রান তুলতেই সর্বশেষ উইকেটটি হারিয়ে ফেলে
ব্রাদার্স। ফলে ১ রানের রোমাঞ্চকর জয় পায় প্রাইম ব্যাংক।
আজ ডিপিএলে সাভারে
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে
প্রাইম ব্যাংক। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭২ রান করতে
পারে ব্রাদার্স।
২৭৪ রানের লক্ষ্যে
ব্যাটিং করতে নেমে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ব্রাদার্স। ষষ্ঠ উইকেটে
আমিনুল ইসলাম বিপ্লব ও ধীমান ঘোষ মিলে ৮৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামলে ওঠেন।
ধীমান ৭৩ বলে ৫১ রান করে থামেন। এরপর সোহাগ গাজীর সঙ্গে জুটি বাঁধেন বিপ্লব। তাদের
৬৫ রানের জুটিতে জয়ের সুবাস পাচ্ছিল ব্রাদার্স। তবে সোহাগ গাজী ৫৪ রানে আউট হতেই
কিছুটা চাপে পড়ে ব্রাদার্স। সেই চাপ আরো বেড়ে যায় আমিনুল ৪৯তম ওভারে ব্যক্তিগত ৬২
রানে আউট হলে। ব্রাদার্সের জয়ের জন্য তখন প্রয়োজন ৬ রানের। কিন্তু শেষ ১০ বলে তারা
নিতে পারে ৪ রান।
প্রাইম ব্যাংকের
বোলারদের মধ্যে রেজাউর রহমান রাজা ৪৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
এর আগে শাহাদাত
হোসেন দিপুর ৬৪, নাসির হোসেনের ৬৬
ও ও শামসুর রহমানের ৬০ রানে ভর করে উইকেটে ২৭৩ রান করে প্রাইম ব্যাংক। ব্রাদার্সের
হয়ে আবু হায়দার রনি ৪ উইকেট নিয়েছেন।
দিনের আরেক ম্যাচে
আবাহনী লিমিটেডের (৩৩৩/৫) কাছে ৩৪
রানে হেরেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব (২৯৯/৭)। মোসাদ্দেক
হোসেন ৮৮ ও মোহাম্মদ নাইম ৬০ রান করেন। জবাবে সিকান্দার রাজার সেঞ্চুরি (১০৭) ও অভিষেক মিত্রর ৮২ রানও জেতাতে পারেনি শাইনপুকুরকে।
আজ আরেক ম্যাচে
মোহামেডানকে ৭২ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আকবর আলী ৪৫ বলে ৮৯ রানের
ঝড়ো ইনিংস খেলে গাজীকে ৩৪৬ রানের পুঁজি এনে দেন। জবাবে মোহামেডান ২৭৪ রানে গুটিয়ে
যায়।










