বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান সামি মারা গেছেন। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার। গণমাধ্যমকে সামির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে রিয়াজুর রহমান রোহান।
১৯৮৬ সালে শ্রীলংকার মাটিতে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলংকার সঙ্গে ওয়ানডে ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সেখানে দুই ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন পেসার সামিউর রহমান। ৬৮ বছর বয়সী সাবেক এ ক্রিকেটারের শারীরিক অবস্থা অনেক দিন ধরেই ভালো ছিল না। শেষ দিকে ভর্তি ছিলেন ইবনে সিনা হাসপাতালে। শরীরে অন্যান্য জটিলতাও ছিল।
খেলোয়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। যদিও ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। ক্লাব ক্যারিয়ারে মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন তিনি।
খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর বিসিবির ম্যাচ রেফারি হিসেবে ১৩৬টি প্রথম শ্রেণী, লিস্ট-এ ও ঘরোয়া টি২০ ম্যাচ পরিচালনা করেছেন সামি। এছাড়া ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ১২টি লিস্ট-এ ম্যাচে আম্পারিংও করেছেন তিনি।
সামির বড় ভাই ইউসুফ রহমানও বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলেছেন। ক্রিকেটের পাশাপাশি দুই ভাই-ই বাংলাদেশে শীর্ষ পর্যায়ে বাস্কেটবল খেলেছেন।
সামির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বিসিবি।










