সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে ইতিহাস গড়ার মিশনে খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে বোলিংয়ে উত্তাপ ছড়াচ্ছেন তাসকিন-শরিফুলরা। ১২৬ রানেই স্বাগতিকদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। পেসার তাসকিন আহমেদ একাই নিয়েছেন পাঁচটি উইকেট। একবার করে উইকেটের দেখা পেয়েছেন সাকিব, শরিফুল ও মিরাজ।


এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৯ ওভার শেষে ৮ উইকেটে ১২৬ রান। ক্রিজে আছেন কেশভ মহারাজ।


সুপারস্পোর্ট পার্কে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে নেমে শুরুটাও খারাপ হয়নি দক্ষিণ আফ্রিকার। ১০ ওভারের প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫৭ রান তোলে প্রোটিয়ারা। সপ্তম ওভারের পঞ্চম বলে দলীয় ৪৬ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি কককে ফেরান স্পিনার মেহেদী হাসান মিরাজ। ১২ রান করেন ডি কক। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। দলীয় স্কোর ৮৩ রান পর্যন্ত যেতে হারায় আরো ৪টি উইকেট। সর্বোচ্চ ৩৯ রান করে ফেরেন ওপেনার ইয়ানেমান মালান।

বাংলাদেশ আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে। দক্ষিণ আফ্রিকা একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে। ওয়েন পারনেলকে বাদ দিয়ে একাদশে যুক্ত করেছে অলরাউন্ডার ড্যুয়েন প্রেটরিয়াসকে। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের ৩৮ রানে হারায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে সমতায় ফেরে টেম্বা বাভুমার দল। ফলে শেষ ওয়ানডে ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। এ ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে তামিম-সাকিবরা।