চট্টগ্রাম টেস্টে আজ শনিবার
প্রথম দিন তিন ফিফটিতে ৪ উইকেটে ৩১৪ রান তুলে সংহত অবস্থান গড়ে নিয়েছে শ্রীলংকা। দিনেশ
চান্দিমাল ৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
লংকানদের তিন টপ অর্ডার
ব্যাটারই ফিফটি করেছেন। কুশল মেন্ডিস ৯৩, দিমুথ করুনারত্নে ৮৬ ও নিশান মাদুঙ্কা ৫৭
রান করে দলকে তিনশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। যদিও কেউ ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি।
বাংলাদেশের বাঁচা-মরার
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীংলকাকে দারুণ সূচনা এন দেন দুই ওপেনার মাদুস্কা
ও করুনারত্নে। তাদের দৃঢ়তায় ২৭ ওভারে বিনা উইকেটে ৮৮ রান তোলে অতিথিরা। মধ্যাহ্নভোজ
শেষে মাঠে ফিরে অবশ্য রানআউট হয়ে যান মাদুস্কা। হাসান মাহমুদের থ্রোতে তাকে রানআউট
করেন লিটন দাস। যদিও উইকেট হারিয়ে কোনো চাপ নেয়নি শ্রীলংকা। বরং এ সময় তারা আরো দুরন্ত
ব্যাটিং করে। দ্বিতীয় উইকেট জুটিতে করুনারত্নে ও কুশল বোর্ডে যোগ করেন ১১৪ রান। চা-বিরতির
অল্প আগে আউট হয়ে যান করুনারত্নে। তাকে বোল্ড করেন হাসান।
সিলেটে শোচনীয়ভাবে হারের
পর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একাদশে ফিরেছেন কৃতী অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই
সঙ্গে এই টেস্টেই অভিষেক হলো পেসার হাসান মাহমুদের। এর আগে দেশের হয়ে সীমিত ওভারের
৩৯টি ম্যাচ তিনি খেলেছেন।
আজ অভিষেক ম্যাচে প্রথমে
সেশনে হাসানই ছিলেন দলের সেরা বোলার। একাধিক সুযোগ সৃষ্টি করেছেন তিনি। যদিও সেই সুযোগ
বাংলাদেশ লুফে নিতে পারেননি। ষষ্ঠ ওভারে তার বলে দ্বিতীয় স্লিপে মাদুস্কা ক্যাচ দিলেও
তা লুফে নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। ২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ
দেন করুনারত্নে। যদিও সাকিব সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন। উল্টো তার হাত ফস্কে বলটি
ছক্কা হয়ে যায়।
করুনারত্নে হতে পারতেন
রানআউটও। যদিও মেহেদী হাসান মিরাজ সরাসরি থ্রোতে তাকে আউট করতে পারেননি। অবশেষে দ্বিতীয়
সেশনের শুরুতে প্রথম সফলতা আসে। চা-বিরতির আগে করুনারত্নেকে বোল্ড করেন হাসান। করুনারত্নে
১২৯ বলে ৮৬ রানের রাজসিক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন।
দলকে তৃতীয় সাফল্য এনে
দেন সাকিব। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়া কুশলকে স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ
বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ১৫০ বলে ১১টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৯৩ রান করেন কুশল। ৮০তম
ওভারের শেষ বলে ম্যাথুজকে আউট করেন হাসান। তার বলটি খেলবেন কি খেলবেন না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে
ভুগতে থাকা ম্যাথুস ক্যাচ দেন থার্ড স্লিপে (২৮৯/৪)। এরপর পঞ্চম উইকেট জুটিতে চান্দিমাল
ও ধনাঞ্জয়া ৯ ওভার টিকে থেকে বোর্ডে ২৫ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন।
এই টেস্টে সাকিব ও হাসান
ফেরায় বাদ পড়েছেন আগের টেস্টে অভিষেক ঘটা নাহিদ রানা ও শরিফুল ইসলাম। শ্রীলংকা দলে
একটি পরিবর্তন। ইনজুরিতে ছিটকে পড়া কাসুন রাজিথার জায়গায় এসেছেন আসিথা ফার্নন্দো।
দুই টেস্টের সিরিজে শ্রীলংকা
১-০তে এগিয়ে রয়েছে। চট্টগ্রাম আগে পাঁচ টেস্টের মুখোমুখিতে বাংলাদেশ কখনই জিততে পারেনি।










