প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পর এবার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ও জিতলেন পিএসজির ফরাসি ফরওয়ার্ড ওসমান দেম্বেলে। গতকাল রাতে কাতারের দোহায় এ পুরস্কার দেয়া হয়।
বর্ষসেরা পুরস্কারে তিনি হারান আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), হ্যারি কেন (বায়ার্ন, ইংল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), নুনো মেন্দেজ (পিএসজি, পর্তুগাল), কোল পালমার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিসর), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল) ও লামিনে ইয়ামালকে (বার্সেলোনা, স্পেন)।
২৮ বছর বয়সী দেম্বেলে বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনায় খেলার পর নাম লেখান পিএসজিতে। গত মৌসুমে পিএসজির জার্সিতে মোট ৫৩ ম্যাচ খেলে ৫১ গোলে অবদান রাখেন। পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুট জিততে সাহায্য করার পর নিজেও ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জিতলেন। এ পথে তিনি হারান লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে।
এদিকে নারী ফুটবলে ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টেও সেরা বার্সেলোনার আইতানা বোনমাতি। টানা তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ হলেন স্প্যানিশ তারকা।
ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী ও পুরুষ কোচ হয়েছেন ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা উইগম্যান ও চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির লুইস এনরিকে।










