বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকেএসপিতে তিন মাস ধরে চলছে জাতীয় অ্যাথলেটিকস আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। প্রশিক্ষণ ক্যাম্পটিতে ভারতের কৃতী হাইজাম্পার কোচ গোবিন্দরায় ভেনকান্না গ্যাংকরকে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়ার জাতীয় দলের হাইজাম্প ইভেন্টে দীর্ঘদিন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন।
সর্বশেষ সাউথ এশিয়ান গেমসের জাম্প ইভেন্টে বাংলাদেশ অ্যাথলেটিকস দল ভালো ফলাফল করায় আসন্ন ২২তম কমনওয়েলথ গেমস এবং পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করার লক্ষ্যে এ বিদেশী প্রশিক্ষককে নিয়োগের সিদ্ধান্ত নেয় অ্যাথলেটিকস ফেডারেশন।










