অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৪৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ টেস্টের শেষদিন দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা । এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
দিবারাত্রির টেস্টে গতকাল চার উইকেটে ৮২ রানে চতুর্থ দিন শেষ করেছিল ইংল্যান্ড। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে বাকি ছয় উইকেট ১১০ রান যোগ করে স্কোরে।
দ্বিতীয় ইনিংসে সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ক্রিস ওকস। তবে আসল লড়াইটা করেছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ বাটলার। যাকে সবসময় মাঠে ছক্কা-চারের ঝড় তুলতে দেখা যায়। একপ্রান্ত আগলে ধরে ড্র করার চেষ্টা চালান তিনি। ২০৭ বল মোকাবেলায় ব্যক্তিগত ২৬ রানে ফেরেন বাটলার। দুটি চারের বাউন্ডারি ছিল ইনিংসে। ঝাই রিচর্ডসনের বলে বাটলার হিট উইকেটের শিকার হলে হার অনেকটা নিশ্চিত হয়ে যায় ইংলিশদের। এছাড়া দ্বিতীয় ইনিংসে জো রুট ২৪, বেন স্টোকস ১২, ডেভিড মালান ২০ ও ররি বার্নস ৩৪ রান করেন।
অজি বোলারদের মধ্যে রিচার্ডসন পাঁচটি, মিচেল স্টার্ক ও নাথায় লায়ন দু’টি ও ক্যামেরন গ্রিন একটি উইকেট নেন।
ব্যাটারদের কল্যাণে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৪৭৩ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩৬ রানে। ফলে প্রথম ইনিংস থেকে ২৩৭ রানের লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে নয় উইকেটে ২৩০ রান হলে ইনিংস ঘোষণা দেন স্টিভেন স্মিথ। ফলে তাদের পুঁজি দাড়ায় ৪৬৭ রান।
প্রথম ইনিংসে ১০৩ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রানের নান্দনিক দুটি ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি। যেটি বক্সিং ডে টেস্ট নামে পরিচিত।










