নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে তিন ফরম্যাটে কখনো একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এমন দুঃসহ স্মৃতি নিয়ে আগামীকাল বছরের প্রথম দিন থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে নামছে মুমিনুল হকের দল। কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটে আগের ৩২ ম্যাচের সবগুলোতেই হার। সাদা পোশাকে নয় ম্যাচে বিবর্ণ চেহারা ছিল বাংলাদেশের। তবে অধিনায়ক মুমিনুল হক অতীত নিয়ে ভাবতে চান না।

বে ওভাল টেস্ট শুরু হওয়ার আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না। সবসময় আশাব্যঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, নিউজিল্যান্ডে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আগে থেকেই যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে ভালো ফল আসবে না। যত চ্যালেঞ্জ থাকুক, আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।

ফলাফল পক্ষে না এলেও নিউজিল্যান্ড বেশকিছু দাপুটে পারফরম্যান্স আছে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারের। মুমিনুল বার্তা দিলেন ১-২ জনের পরিবর্তে এবার জ্বলে উঠতে হবে দল হিসেবে। তিন বিভাগে ভালো করলে নিউজিল্যান্ডে ‘ডেডলক’ ভাঙা অসম্ভব নয়।

মুমিনুলের বলেন, আমরা যতগুলো টেস্ট জিতেছি তা দলগত পারফরম্যান্সে কারণে। সবাই ভালো না করলে ভালো ফল করা কঠিন। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় ফলাফল হবে না। আমাদের খেলার যে প্যাটার্ন, তাতে দল হয়ে খেলা খুব জরুরী। তিন ডিপার্টমেন্টেই যেন ভালো করতে পারি।