জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান তুলে নিল চরম প্রতিশোধ। সাইম আইয়ুবের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ মঙ্গলবার আগে ব্যাটিং করে ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে সাইম আইয়ুবের রাজসিক ব্যাটিংয়ে ১৮.২ ওভারেই জয় তুলে নেয় অতিথিরা।

৬২ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন সাইম আইয়ুব। ৪৮ বলে ৩২ রান করে অপর প্রান্ত থেকে সাইমের জাদুকরি ব্যাটিংয়ের সাক্ষী হয়েছেন আব্দুল্লাহ শফিক।

৫৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সাইম। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার প্রথম সেঞ্চুরি এবং পাকিস্তানের হয়ে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি। নিশ্চিতভাবেই বাকি তিনটি করেছেন শহীদ আফ্রিদি। ৩৭ বলে, ৪৫ বলে ও ৫৩ বলে সেঞ্চুরি আছে পাকিস্তান কিংবদন্তির। এবার ৫৩ বলে সেঞ্চুরি করে তার তৃতীয় দ্রুততম সেঞ্চুরিটি ছুঁয়েছেন সাইম।

এর আগে আবরার আহমেদ (৪/৩৩) ও সালমান আগার (৩/২৬) ঘূর্ণিতে ধরাশায়ী হয় জিম্বাবুয়ে। সাইম ও ফয়সাল আকরাম নেন একটি করে উইকেট। স্পিনাররাই জিম্বাবুয়ের ১০ উইকেট ভাগাভাগি করেন। ডিওন মায়ার্স ৩৩ ও শন উইলিয়ামস ৩১ রান করেন।

প্রথম ওয়ানডেতে ২০৫ রানের পুঁজি নিয়েও জিতেছে জিম্বাবুয়ে। রান তাড়া করতে নেমে ৬০ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর বৃষ্টিতে খেলা পণ্ড হলে ডিএলএস মেথডে জয় পায় জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার একই মাঠে সিরিজের মীমাংসা। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়েব জিম্বাবুয়ে ও পাকিস্তান।