চার
ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার
জিরোনার মাঠে বার্সেলোনার ২-৪ গোলের হারে রিয়ালের শিরোপা নিশ্চিত হয়ে যায়। তার আগে
রিয়াল ৩-০ গোলে কাদিজকে হারায়। ৩৪ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে
লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে জিরোনা ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ও বার্সা ৭৩ পয়েন্ট নিয়ে
তিনে অবস্থান করছে।
রিয়ালের
হয়ে এদিন গোল করেছেন ব্রাহিম ডিয়াজ, জুড বেলিংহ্যাম ও জোসেলু। রিয়ালের সাফল্যের নেপথ্যে
বড় অবদান রেখেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। তিনি রিয়ালের হয়ে প্রথম মৌসুম খেলতে
নেমেই এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। জয় শেষে বেলিংহ্যাম তার ‘এক্স’ পোস্টে
লিখেছেন, ‘চ্যাম্পিয়ন!!! মাদ্রিদ এগিয়ে যাও। এর বেশি কিছু না!!!’
লরি
কানিংহ্যাম (১৯৭৯-৮০), স্টিভ ম্যাকমানাম (২০০০-০১ ও ২০০২-০৩), ডেভিড বেকহ্যাম (২০০৬-০৭)
ও কিয়েরান ট্রিপিয়ারের (২০২০-২১) পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে লা লিগা জিতলেন বেলিংহ্যাম।
এ
মৌসুমে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা এবং ৯৯ পয়েন্ট নিয়ে মৌসুম
শেষ করার সুযোগ রয়েছে তাদের. যা হতে পারে তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট।
রিয়ালের
হয়ে এটা কোচ কার্লো অ্যানচেলত্তির দ্বিতীয় লিগ শিরোপা। এর আগে ২০২১-২২ মৌসুমেও শিরোপা
জয় করেন তিনি।
এটা
রিয়ালের ৩৬তম লিগ শিরোপা, যা বার্সেলোনার (২৭) চেয়ে নয়টি বেশি। পাশাপাশি তারা রেকর্ড
১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং এবার সংখ্যাটি ১৫ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সেমিফাইনালের
প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে ২-২ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। এবার লিগ শিরোপা
জেতায় দ্বিতীয় লেগে উজ্জীবিত হয়েই মাঠে নামতে পারবে অ্যানচেলত্তির দল।










