এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এইচ’
গ্রুপের ম্যাচে আজ থাকা তুর্কমেনিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা। রাজধানীর
কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত
ম্যাচে আকলিমা খাতুন ও স্বপ্না রানি উভয়ই জোড়া গোল করেন। তাতে তুর্কমেনিস্তানকে ৪-০
গোলে হারায় কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা।
প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দারুন ফর্মে থাকা ফরোয়ার্ড
আকলিমা। স্বপ্না রানীর কর্নারের বল সফরকারী গোল রক্ষক ফিস্ট করলেও পুরোপুরি
বিপদমুক্ত করতে পারেননি। এসময় বক্সে জটলা থেকে আলতো টোকায় গোল করেন আকলিমা।
বিরিতর পর ম্যাচের ৭১ মিনিটে ফের গোল করে বাংলাদেশকে ২-০তে
এগিয়ে দেন আকলিমা। ডান দিক থেকে ইতি খাতুনের ক্রস নিখুঁত ভলিতে জালে জড়ান স্বাগতিক
স্ট্রাইকারটি।
এরপর আরো আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। তারই
ধারাবাহিকতায় ম্যাচের ৮০তম মিনিটে ইতি খাতুনের ক্রসে বক্সের ভেতর হেডে লক্ষ্যভেদ
করেন স্বপ্না রানী। পরের মিনিটে বক্সের বাইরে থেকে স্বপ্নার জোরালো শট
তুর্কমেনিস্তানের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়
স্বাগতিক বাংলাদেশ।
এর আগে চলতি বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে
৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে তুর্কেমেনিস্তান। গতকালের হারে বাছাইপর্ব থেকে ছিটকে গেল তারা।
রোববার একই ভেন্যুতে ইরানের মোকাবেলা করবে বাংলাদেশ। সেরা
দলটি পরের পর্বে খেলার সুযোগ পাবে। এ মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে ইরান।
সুতরাং সেরার আসন নিশ্চিত করতে হলে ইরানের বিপক্ষে জিততে হবে আকলিমা খাতুনদের।
অপরদিকে ড্র করতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে ইরানের।










