প্রথমবারের মতো এক মৌসুমে তিনটি আলাদা ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে তিনটি ইংলিশ ক্লাব। ইতিহাস গড়া এ তিন ক্লাব হলো আর্সেনাল, অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস।
গত মঙ্গলবার রাতে লন্ডনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে যায় আর্সেনাল। ৩০ মে বুদাপেস্ট ফাইনালে তারা খেলবে ফরাসি জায়ান্ট ও বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের বিপক্ষে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ফাইনালে উঠে যায় অ্যাস্টন ভিলা, একই রাতে কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস। এ তিনটি দলই বর্তমানে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগে।
ইউরোপা লিগের সেমিফাইনালেই মুখোমুখি হয় দুই ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ও নটিংহ্যাম ফরেস্ট। ফলে যেকোনো এক দলের ফাইনালে যাওয়া আগেই নিশ্চিত ছিল। দুই ইংলিশ প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল অ্যাস্টন ভিলা। ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নটিংহ্যাম ফরেস্টকে নিজেদের মাঠে ৪-০ গোলে হারিয়ে দেয় উনাই এমেরির দল অ্যাস্টন ভিলা। দুই লেগ মিলিয়ে তারা জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।
কোচিং ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো কোনো দলকে ইউরোপা লিগের ফাইনালে তুললেন এমেরি। এর আগে স্পেনের দল সেভিয়াকে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনবার ফাইনালে তুলে তিনবারই শিরোপা জিতিয়েছেন এমেরি। ২০২০-২১ মৌসুমে ভিয়ারিয়ালের হয়েও তিনি ইউরোপা লিগ শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ইউরোপা লিগের ফাইনালে তুলেছিলেন আর্সেনালকেও। যদিও ২০১৮-১৯ মৌসুমের সেই ফাইনালে তিনি শিরোপা জিততে পারেননি গানারদের হয়ে।
ইউরোপা লিগের ফাইনালে অ্যাস্টন ভিলা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির ক্লাব ফ্রেইবুর্গকে। ফ্রেইবুর্গও প্রথম লেগে স্পোর্টিং ব্রাহার কাছে হেরে গিয়েছিল ২-১ গোলে। বৃহস্পতিবার রাতে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ফ্রেইবুর্গ জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় তারা পায় ফাইনালের টিকিট। তুরস্কের ইস্তানবুলের বেসিকতাস স্টেডিয়ামে ২০ মে রাতে ইউরোপা লিগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও ফ্রেইবুর্গ।
ইউরোপের তৃতীয় বৃহত্তম ক্লাব প্রতিযোগিতা কনফারেন্স লিগের ফাইনালেও আছে ইংলিশ দল। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে গ্রিসের ক্লাব শাখতার দোনেৎস্ককে হারিয়ে ফাইনালের টিকিট পায় প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে থাকা দল ক্রিস্টাল প্যালেস। জার্মানির লিপজিগের রেডবুল অ্যারেনায় ২৭ মে রাতে কনফারেন্স লিগের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের প্রতিপক্ষ স্পেনের দল রায়ো ভায়েকানো।
গত মৌসুমেও ইউরোপের শীর্ষ তিন ক্লাব প্রতিযোগিতায় থাকতে পারত তিনটি ইংলিশ ক্লাব। কনফারেন্স কাপে চ্যাম্পিয়ন হয় চেলসি। ইউরোপা লিগে অল-ইংলিশ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে দেয় টটেনহ্যাম হটস্পার্স। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় আর্সেনাল। তাতে ওই মৌসুমে তিন ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিনটি ইংলিশ ক্লাবের খেলার সুযোগ শেষ হয়ে যায়।
ইংলিশ ক্লাবগুলোর ঈর্ষণীয় সাফল্যের পেছনে বড় অবদান স্প্যানিশ কোচদের। আর্সেনালের কোচ মিকেল আরতেতা, অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি দুজনই স্প্যানিশ। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের ফাইনালে ওঠা ছয় দলের মধ্যে স্প্যানিশ কোচই চারজন!
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্পেনের রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো পরাশক্তি নেই। তবে স্প্যানিশ ফুটবল ঠিকই থাকছে, তা কোচদের কল্যাণে। ফাইনালের দুই দল পিএসজি ও আর্সেনালের কোচ হিসেবে মাঠে থাকবেন দুই স্প্যানিশ এনরিকে ও আরতেতা। নিজ নিজ দলকে ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন এ দুই কোচ।
ইতিহাসে এ প্রথম একই দেশের দুই কোচ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লড়বেন, যদিও সেই দেশের (স্পেন) কোনো ক্লাবই শিরোপার লড়াইয়ে নেই। এমনকি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা ভ্যালেন্সিয়ার অল-স্প্যানিশ ফাইনালেও স্পেনের দুই কোচ ছিলেন না।
এনরিকে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। পিএসজির হয়ে গতবার শিরোপা জেতা এ কোচ বার্সার হয়েও ইউরোপ জয় করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ যুগে একমাত্র জিনেদিন জিদান ছাড়া অন্য কোনো কোচই শিরোপা ধরে রাখতে পারেননি। এবার জিতলে জিদানের পাশে বসবেন এনরিকে, সেই সঙ্গে ইউরোপের অন্যতম সেরা কোচদের কাতারে নাম লেখাবেন তিনি। আর্সেনাল কোচ আরতেতার সামনেও ইতিহাসের হাতছানি। আর্সেনালকে তাদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়ার চ্যালেঞ্জ নিতে হবে তাকে। আর্সেনাল এখন পর্যন্ত ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেনি।
আজ থেকে ২০ বছর আগে ফাইনালে গিয়ে দলটি হেরেছিল বার্সেলোনার কাছে। তখন বার্সায় খেলতেন রোনালদিনহোর মতো সুপারস্টার। থিয়েরি অঁরির মতো গ্রেটদের নিয়ে গড়া দল হারাতে পারেনি বার্সাকে। সেই হারের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠল তারা। এবার শিরোপা জিতে নিয়ে আরতেতা কি পারবেন ইতিহাস গড়তে, আর্সেনাল সমর্থকদের কাছে নিজেকে অমর করে রাখতে?
বুদাপেস্টে শেষ বাঁশি বাজার পর যে দলই জয়োল্লাস করুক না কেন, টাচলাইনে বিজয়ী কোচ নিশ্চিতভাবেই একজন স্প্যানিশ। শিরোপা যার হাতেই উঠুক না কেন, এরই মধ্যে ইতিহাস গড়েছেন দুজনই, যারা একটি সময় বার্সেলোনায় ছিলেন সতীর্থ। ৫৬ বছর বয়সী এনরিকে যখন বার্সার সিনিয়র টিমে খেলেন, আরতেতা তখন বার্সার ‘বি’ টিমের সদস্য।
এবার ইউরোপে বিজয়ী তিন কোচই হতে পারেন স্প্যানিশ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তো নিশ্চিতভাবেই বিজয়ী হবেন এক স্প্যানিশ কোচ। ইউরোপা লিগে ফ্রেইবুর্গকে হারানোর ভালো সুযোগ আছে অ্যাস্টন ভিলার, যে দলটির কোচ এমেরি একজন স্প্যানিশ, আর ইউরোপা লিগে ওনার আছে সমৃদ্ধ ইতিহাস। কনফারেন্স লিগে ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেসের প্রতিপক্ষ স্পেনের ভায়োকানো, যে দলের কোচ ইনিগো পেরেজ স্পেনের নাগরিক।










