আবারো বিশ্বকাপ মিশনে রওয়ানা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী মাসে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে বসবে এবারের আসর। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও খেলবে যুব টাইগাররা। এর মাঝে আর দেশে ফেরা হবে না তাদের। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দুবাইগামী বিমানে উঠবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

চলতি মাসেই শেষ হবে এশিয়া কাপ। আগামী বছর ১ জানুয়ারি দুবাই থেকে বিশ্বকাপে অংশ নিতে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে যাবে অধিনায়ক রাকিবুল হাসানের দল।

দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্টে বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার সংবাদমাধ্যমকে বলেন, আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছি আমরা। সেখান থেকে জানুয়ারির ১ তারিখ যাব বিশ্বকাপ খেলতে।

এশিয়া কাপ শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে। বুধবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। তাদের বাকি ম্যাচগুলো হবে আগামী ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলংকার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ ডিসেম্বর। এশিয়া কাপে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’তে। যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলংকা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপ শেষে খেলতে যাবে বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে আগামী ১৪ জানুয়ারি শুরু হবে এবারের আসর। যার পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে বাংলাদেশে সঙ্গে আছে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। যুব বিশ্বকাপের চতুর্দশ আসরে অংশ নেবে ১৬টি দল। ফাইনালসহ মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ। ১৬ জনুয়ারি ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।