গতকাল রাতে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে ম্যানসিটির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। সিটিজেনদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে গানাররা। ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছিল আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ম্যানসিটি।

শিরোপার লড়াই এ দুটি দলের মধ্যেই। এ দুই দলের বাইরে শীর্ষ পাঁচের মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। তিন দলের মধ্যে মাত্র ২ পয়েন্টের ব্যবধান। ৩৪ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে তিনে ম্যানইউ, সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিভারপুল চারে ও সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা।

আজ আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার্স, যারা এবার ভয়াবহ বাস্তবতার সামনে। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল, চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত মুখ টটেনহ্যাম এবার রেলিগেশনের মুখোমুখি। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ১৮ নম্বরে। লিগের শেষ পর্যন্ত ১৮-তেই থাকলে তারা আগামী মৌসুমে নেমে যাবে চ্যাম্পিয়নশিপ লিগে। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে আরেক লন্ডন জায়ান্ট ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এছাড়া নটিংহ্যাম ফরেস্ট ৩৯ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে। একেবারে তলানিতে বার্নলি (২০ পয়েন্ট) ও উলভারহ্যাম্পটন (১৭ পয়েন্ট)।

শিরোপার লড়াইয়ে না থাকা ম্যানইউ ও লিভারপুল আজ মুখোমুখি হবে। শিরোপার রেসে না থাকলেও উত্তাপ ছড়াবে ইংল্যান্ডের দুই সফলতম দলের এ ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে রেড ডেভিল ও অল রেডদের খেলা।

সম্প্রতি চোট নিয়ে মাঠ ছেড়েছেন লিভারপুলের মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। তিনি মাঠ ছাড়ার সময় লিভারপুলের দর্শকের কাছ থেকে বিদায়ও নেন। ধারণা করা হচ্ছিল, অল রেডদের জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন। যদিও শুক্রবার লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরতে পারেন সালাহ। যদিও ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা এ খেলোয়াড়ের আজ হাইভোল্টেজ ম্যাচে থাকা হচ্ছে না। ম্যানইউর বিপক্ষেও তার রেকর্ড ঈর্ষণীয়।

সালাহ না থাকায় ম্যানইউ, চেলসি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচগুলোতে দায়িত্ব নিতে হবে ফ্লোরিয়ান ভির্টজ ও আলেক্সান্ডার ইসাককে। এ দুই খেলোয়াড় গ্রীষ্মের দলবদলের আলোচিত, যাদের ২৪১ মিলিয়ন পাউন্ড খরচ করে কিনেছে লিভারপুল। ইসাক এখনো লিভারপুলের জার্সিতে ৯০ মিনিট পূর্ণ করতে পারেননি, আর ভির্টজও বলার মতো কোনো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি এখনো। প্রিমিয়ার লিগে বর্তমানে যারা ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাওয়ার রেসে আছে তাদের বিপক্ষে কোনো গোল করতে পারেননি জার্মান খেলোয়াড়টি। এ বিষয় নিয়ে লিভারপুল কোচকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা ‘কাকতালীয়’ এবং তিনি শতভাগ নিশ্চিত যে ভির্টজ বড় ম্যাচে পারফর্ম করবেন।

আজ ঘুরেফিরে আসবে সালাহর নাম। ম্যানইউর বিপক্ষে ১৬ ম্যাচে করেছেন ১৩ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানইউর বিপক্ষে তার চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউ। ‘বিগ সিক্স’-এর বাকি পাঁচ দলের বিপক্ষে তিনি ৪৯ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ২২টি।

এদিকে স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে ওসাসুনার মুখোমুখি হয় লিগ লিডার বার্সেলোনা। আজ রাত ১টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এস্পানিওল। গতকাল মাঠে নামার আগ পর্যন্ত ৩৩ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছিল বার্সেলোনা। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজই শিরোপা উৎসব করতে পারে বার্সেলোনা। যেমন তারা ওসাসুনাকে হারানোর পর রিয়াল হারলেই চলতি মৌসুমে লা লিগার শিরোপা জিতে নেবে কাতালানরা। কেননা তখন চার ম্যাচ বাকি থাকতে দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান বেড়ে হবে ১৪।

ইতালিতে শিরোপার পথে ইন্টার মিলান। ৩৪ রাউন্ড শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নেরাজ্জুরিরা, ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ন্যাপোলি, আর ৬৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে এসি মিলান। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), যারা বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে। বুধবার দ্বিতীয় লেগ। ফ্রেঞ্চ লিগে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে লেনস। অলিম্পিক লিঁও ৫৭ পয়েন্ট নিয়ে তিনে। জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ।