পার্থ টেস্টে গতকাল দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ভারতের বিরাট কোহলি। টেস্টে এটা তার ৩০তম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৮০তম সেঞ্চুরি। কোহলি ১০০ রানে অপরাজিত থাকেন। এর আগে যশস্বী জয়সোয়াল ১৬১ রানের রাজসিক ইনিংস খেললে অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ভারত।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে নবম সেঞ্চুরি করেন কোহলি। টেস্টে ১৫ ইনিংস ও সব মিলিয়ে ২৯ ইনিংস পর সেঞ্চুরি পেলেন ভারতের সাবেক দলনায়ক। অজিদের বিপক্ষে ২৬ ম্যাচ খেলে তিনি নয়টি সেঞ্চুরিসমেত করেছেন ২ হাজার ১৪৭ রান। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ১২টি সেঞ্চুরির কীর্তি আছে ইংল্যান্ডের জন বেরি হবসের। এছাড়া প্রিয় প্রতিপক্ষ বানিয়ে ফেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেন্ডুলকার করেছেন ১১টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা কোহলি থেকে খুব বেশি দূরে নয়।

নির্দিষ্ট এক দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির কীর্তিটা কিংবদন্তি অজি ব্যাটার ডন ব্র্যাডম্যানের। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৯টি সেঞ্চুরি করেছেন, আর ক্যারিয়ারের মোট সেঞ্চুরি ২৯টি।

এছাড়া ভারতের সুনীল গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে ১২টি, ইংল্যান্ডের হবস অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২টি, ভারতের টেন্ডুলকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা পাকিস্তানের বিপক্ষে ১০টি, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ইংল্যান্ডের বিপক্ষে ১০টি ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ইংল্যান্ডের বিপক্ষে ১০টি সেঞ্চুরি করেছেন।

ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮টি সেঞ্চুরি করেছেন কোহলি। সর্বোচ্চ ১০টি সেঞ্চুরি করেছেন তিনি শ্রীলংকার বিপক্ষে। টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ১৭টি সেঞ্চুরি করেছেন অজিদের বিপক্ষে।